মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে নির্মাণ হচ্ছে অবৈধ বসতি

চকরিয়া সংবাদদাতা:
মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান থেকে হারিয়ে যাচ্ছে শতবর্ষী মাদার ট্রী। নিত্যনতুন তৈরি হচ্ছে অবৈধ বসতি। দিনদিন স্থুল হয়ে আসছে দেশের সর্ববৃহৎ এই জাতীয় উদ্যানের পরিধি। উচ্ছেদ অভিযানে যখন হার্ট লাইনে বন বিভাগ, ঠিক তখনই মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান দখল হয়ে যাচ্ছে। পার্কের অংশ দখল করে চলছে অবৈধ বসতঘর নির্মাণ।
চকরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকার ৩৯৬ হেক্টর বনভূমির শতবর্ষী মাদার ট্রী রক্ষার্থে ২০০৪ সালে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ এ উদ্যানটি কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ী রেঞ্জের মেধাকচ্ছপিয়া বনবিট রক্ষণাবেক্ষণ দায়িত্বে রয়েছে।
সরেজমিনে জানা যায়, খুটাখালী গ্রামীনব্যাংক সড়কের পাশ দিয়ে মেধাকচ্ছপিয়া বিট অফিসে যেতে সড়কের পাশে নতুন নতুন বসতি। সপ্তাহ দশদিন আগেও এসব বসতি ছিল না। লক্ষ্য করা গেছে মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে ২০১৬-১৭ সানের বাগানে মাটি ভরাট করে অবৈধভাবে বসতঘর নির্মাণ করা হচ্ছে। স্থানীয় মেধাকচ্ছপিয়া এলাকার নুরুল ইসলাম, সিপিজি সদস্য ইউনুস ও প্রবাসীর স্ত্রী নিলু আক্তারসহ আরো কয়েকজন। এই বসতি নির্মানের খবর চতুর্দীক ছড়িয়ে গেলে তারা দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে। পরে যাতে এটি পুরাতন বাড়ি নামে চালিয়ে দিতে পারে।
এ বিষয়টি মেধাকচ্ছপিয়া বিট কর্মকর্তা কোনপ্রকার উচ্ছেদ অভিযান না চালিয়ে মামলা দেয়ার নামে দায় এড়িয়ে যাচ্ছে। পরে অভিযান নামের আইওয়াশ দিতে নির্মাণাধীন ঘরের জন্য আনা দুটি টিন মেধাকচ্ছপিয়া বিট অফিসে নিয়ে আসেন। এভাবে খাতির জমিয়ে বন বিভাগের লোকজন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত হয়ে বনভূমি অবৈধ দখলের সুযোগ দিচ্ছে। এ পরিস্থিতি চলতে থাকলে জাতীয় উদ্যান অচিরেই দেশের মানচিত্র থেকে মুছে যাবে।
এ ব্যাপারে মেধাকচ্ছপিয়া বিট কর্মকর্তা জসিম উদ্দিন জানান, মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় অবৈধ নির্মাণাধীন বসতিটির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। শতবর্ষী মাদার ট্রী কাটার বিষয় সত্যতা জানান। তিনি বলেন, স্থানীয় গাছ চোর সিন্ডিকেট এ কাজটি করেছে। এ ব্যপারে ফুলছড়ি ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, বিষয়গুলো আমার জানা নাই। আমি এখনই খবর নিয়ে দেখছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.