মেজর সিনহার তদন্ত কমিটি পুনর্গঠন করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদকঃ টেকনাফে পুলিশের গুলিতে সাবেক এক সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত, তদন্তের আরো ব্যাপক পরিসরে সক্ষমতা এবং কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন প্রতিনিধিকে যুক্ত করে উচ্চ পর্যায়ের এই কমিটি গঠন করা হয়েছে।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-২ অধিশাখা থেকে জারি করা এক নির্দেশনায় ‘শক্তিশালী’ এই তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়েছে। এর আগে শনিবার একই অধিশাখা থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছিল। রবিবার রাতে নতুন নির্দেশনার কথা জানা গেছে।

সিনিয়র সহকারী সচিব শাহে এলিদ মাইনুল আমিন স্বাক্ষরিত ‘নতুন’ নির্দেশনায় বলা হয়, চার সদস্যের কমিটির আহ্বায়ক থাকছেন যুগ্মসচিব পদমর্যাদার চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান। তার সঙ্গে কমিটিতে সদস্য রাখা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি (জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া মনোনীত), চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ পরিদর্শকের উপযুক্ত প্রতিনিধি এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি।

কমিটির কার্যপরিধি বর্ণায় অবশ্য কোনো পরির্বতন আসেনি। আগের মতোই নির্দেশনায় বলা হয়, কমিটি ওই ঘটনার বিষয়ে সরেজমিন তদন্ত করে ঘটনার কারণ ও উৎস বের করবে। একইসঙ্গে ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে করণীয়সহ সার্বিক বিষয় বিশ্লেষণ করে সুস্পষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন সাত কর্মদিবসের মধ্যে দাখিল করবে।

শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে সিনহা রাশেদ খান নিহত হন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.