ডেস্ক নিউজ:
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদসহ রাজধানীর কিছু এলাকা ও চট্টগ্রামের হাটহাজারীতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা। প্রবেশ করা যাচ্ছে না জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে। সাময়িকভাবে এই সেবাটিও বন্ধ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে আজ শুক্রবার (২৬ মার্চ) দুপুরের পর বায়তুল মোকাররম, ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ-সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ অবস্থার মধ্যেই হাটহাজারীতে চারজন নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে খবর আসে।
এর পর সন্ধ্যার আগেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে মোবাইল অপারেটরগুলোকে সংশ্লিষ্ট এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অনেক গ্রাহক অভিযোগ করেছেন, বিকাল থেকে তারা ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে পারছেন না। শুক্রবার রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্তও ফেসবুক কিংবা মেসেঞ্জারে ঢোকা যাচ্ছিল না।
এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারেরা বলছেন- বিষয়টি তাদের হাতে নেই। সরকারের হাতে ফেসবুক ডাউন করার প্রযুক্তি আছে। অবশ্য বিটিআরসির দায়িত্বশীল কেউই এ নিয়ে বক্তব্য দিতে রাজি হননি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.