মিতু হ’ত্যা মামলায় জবানবন্দি দিলেন মুসার স্ত্রী

ডেস্ক নিউজ:
চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের সম্পৃক্ততার কথা জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কামরুল ইসলাম শিকদার মুছার স্ত্রী পান্না আকতার।

সোমবার (৩১ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ রেজার আদালতে জবানবন্দি দেন তিনি।

নিহত মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেনের করা হত্যা মামলার প্রধান আসামি পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের সোর্স ছিলেন মুছা। মামলার আসামিও তিনি।

আদালতের প্রসিকিউশন শাখায় কর্মরত পাঁচলাইশ থানার জিআরও উপপরিদর্শক (এসআই) শাহীন ভূঁইয়া সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এসময় জবানবন্দিতে মিতু হত্যায় বাবুল আকতারের সম্পৃক্ততার বিষয়ে পান্না আকতার কিছু বলেছেন কি না এমন প্রশ্ন এড়িয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।

সন্তোষ কুমার সংবাদমাধ্যমকে বলেন, আদালতে পান্না আক্তার জবানবন্দি দিয়েছেন। পান্না আক্তার বিভিন্ন সময়ে হত্যাকাণ্ডের বিষয়ে মিডিয়াতে যে বক্তব্য দিয়েছেন, জবানবন্দিতেও সেগুলোই বলেছেন।

তিনি আরও বলেন, পান্না আক্তার সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন। ঘটনার সাথে তার স্বামী মুছার সম্পৃক্তার বিষয়েও জানিয়েছেন।

গত ১৩ মে রাতে মুসার স্ত্রী পান্না আক্তার পান্না আক্তার সংবাদমাধ্যমকে বলেছিলেন, মুছা মিতু হত্যার সাথে জড়িত ছিল আমি প্রথমে বিশ্বাস করিনি। কিন্তু ঘটনার পর অনেক বেশি উদ্বিগ্ন ছিলেন মুছা। কয়েকবার বাবুল আক্তারের সঙ্গে ফোনে কথা বলতে দেখেছি। দু-একদিন পরই টের পেয়েছিলাম মুসা কোনো না কোনোভাবে মিতু হত্যায় জড়িত। আমি জানতে চেয়েছিলাম মুছার কাছে। তিনি বলেছিলেন, আমি করিনি, করিয়েছি। এছাড়া কোনো পথ ছিল না। নইলে আমার নিজেরই ক্ষতি হয়ে যেত।

২০১৬ সালের ৫ জুন ভোরে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে বের হওয়ার পর চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মিতুকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.