মো. রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারণ ‘ফ্রী খাবার বাড়ির’ ব্যবস্থাপনায় মাসব্যাপী ইফতার আয়োজনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকাল ৪টার সময় স্বাস্থ্যবিধি মেনে শার্শার ঐতিহ্যবাহী সামটা মুসলিম এতিম খানার এতিম শিশুদের মধ্যে ইফতার সামগ্রী ও পবিত্র কোরআন বিতরনের মাধ্যমে মাসব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান আসাদ।

দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজানের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামটা ছিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মমিনুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার বিল্লাল হোসেন,বাবর আলী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল আলিম, মাদ্রাসার শিক্ষক নুর হাসান, এতিমখানার তত্বাবধায়ক আবুল বাসার, সাংবাদিক সেলিম আহমেদ, ইকরামুল ইসলাম, মিলন কবীর, জসীম উদ্দীন ও জাকির হোসেন সহ অনেকে।
পহেলা রমজান থেকে মাসব্যাপী একটি মহৎ উদ্যোগ গ্রহন করেছেন এই প্রতিষ্ঠানটির উদ্যোক্তা দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান। কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যবিধি মেনে শার্শা ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন এতিমখানাতে নিজস্ব পরিবহনে এতিমদের জন্য ইফতার সরবরাহ করা হবে বলে জানান মিজানুর রহমান মিজান।

মাসব্যাপী ইফতার আয়োজনের পাশাপাশি ফ্রী খাবার বাড়ির উদ্যোগে বিভিন্ন এতিমখানায় অবস্থানরত এতিমদের মাঝে পবিত্র আল-কুরআন বিতরন করা হচ্ছে। সারা দেশের বিভিন্ন এতিমখানা, মাদরাসাসহ জনসাধারণের মাঝে পর্যায়ক্রমে এক লক্ষ পবিত্র আল কোরআন বিতরণ করবেন মিজান।
উল্লেখ্য : দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজানের উদ্যোগে গত বছরের ৪ সেপ্টেম্বর শুক্রবার নাভারণ বালিকা বিদ্যালয়ের সামনে বাদল নার্সারী থেকে যাত্রা শুরু হয় এতিম দূঃস্থ সুবিধাবঞ্চিত পথ শিশু ও পাগলদের জন্য “ফ্রী খাবার বাড়ি” নামের এই প্রতিষ্ঠানটি। যার সার্বিক পরিচালনা করেন নার্সারীর মালিক বাদল হোসেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.