মালিকপক্ষ যেন যখন তখন কাউকে ছাঁটাই না করেঃ তথ্যমন্ত্রী
ওয়ান নিউজ ডেক্সঃ সাংবাদিকতায় চাকরির নিশ্চয়তা নেই। মালিকপক্ষ যেন যখন তখন কাউকে ছাঁটাই না করে, বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার (৭ অক্টোবর) ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসির সঙ্গে এক বৈঠক শেষে নিজ দপ্তরে এ কথা বলেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন, আমরা বেতন কাঠামো নিয়ে আলোচনা করিনি। কারণ কাঠামো একটা বড় ব্যাপার।
তবে বেতন কাঠামোর একটি আইনি ভিত্তি দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে আইন প্রণয়ন করা হচ্ছে। কর্মীদের আইনী সুরক্ষা দেয়া প্রয়োজন। গণমাধ্যমকর্মী আইনের ভেটিং হয়ে গেছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সংকট সমাধানের চেষ্টা করা হবে। এমনিতেই এই বৈশ্বিক মহামারীতে সাংবাদিকের চাকরির নিশ্চয়তার অবস্থা আরও খারাপ হয়েছে।
তিনি আরো বলেন, কোনো টেলিভিশন পে-চ্যানেল হবে কী হবে না সেটি সেই টেলিভিশনকেই নির্ধারণ করতে হবে। এটি সরকার নির্ধারণ করবে না। এটা ভোক্তা ও টেলিভিশন কর্তৃপক্ষের বিষয়। আমাদের দেশে যে কেউ পে-চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এতে কোনো বাধা নেই। তবে ক্যাবল অপারেটিং সিস্টেমটা ডিজিটালাইজড না হলে এটা করা কঠিন।
করোনা না আসলে হয়তো এতদিন অনেক কিছুই হয়ে যেত। করোনার কারণেই আমরা এ ব্যাপারে যেভাবে এগুচ্ছিলাম সেভাবে এগোতে পারিনি। তবে আমাদের লক্ষ্য হচ্ছে অবশ্যই যত দ্রুত সম্ভব ক্যাবল অপারেটিং সিস্টেমটা ডিজিটালাইজড করা। এটি বাস্তবায়নে কাজ চলছে।
ভুল বক্তব্য না দিতে মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ আরো বলেন, যে দল তাদের সময়ে ধর্ষকদের লালন করেছে, দলীয় পরিচয়ে ধর্ষণ করেছে, তাদের মুখে ধর্ষণ নিয়ে কথাবার্তা মানায় না। ধর্ষকরা কোন দলের না।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.