মশা মারার চার ওষুধের নমুনা যাচ্ছে চবির ল্যাবে

ডেস্ক নিউজ:
ব্যবধান মাত্র এক মাসের। গত ফেব্রুয়ারিতে মশা মারার কৌশল শিখতে ঢাকায় গিয়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একটি দল। ফিরে এসে তারা জানান— মশক নিধন কার্যক্রমে একই ওষুধ ব্যবহার করছে উত্তর ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের। এমন বাস্তবতায় চসিকের ছিটানো মশার ওষুধের কার্যকারিতা ও মান নিরীক্ষণের জন্য চট্টগ্র্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষকদের দ্বারস্থ হয়েছেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

এরই ধারাবাহিকতায় চবি শিক্ষকদের কাছে ৪টি ওষুধের নমুনা পাঠাচ্ছে চসিক। সব কাগুজে নির্দেশনা শেষে সোমবার (২১ মার্চ) ৪টি ওষুধের নমুনা পাঠানো হবে বলে জানানো হয়েছে চসিকের পক্ষ থেকে। এজন্য রবিবার (২১ মার্চ) দু’টি নতুন ওষুধসহ মোট চার পদের ওষুধের নাম মেয়রকে প্রস্তাব করেছে চসিকের পরিচ্ছন্নতা বিভাগ। যার সবক’টি পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

চসিক সূত্র জানায়, চবি শিক্ষকদের কাছে নমুনা পাঠাতে নতুন ‘সিরাট প্লাস’ এবং ‘টাসলা’ নামের দু’টি ওষুধ যুক্ত করা হয়েছে। চবি শিক্ষকদের দল ওই দু’টি ওষুধের ব্যবহারের সবুজ সংকেত দিলে যার ব্যবহার শুরু হতে পারে।

বর্তমানে চসিকে ব্যবহার হচ্ছে ‘এডাল্ট্রিসাইড’ (পূর্ণাঙ্গ মশা ধ্বংসকারী) ও ‘লার্ভিসাইড’ (লার্ভা ধ্বংসকারী) নামের দু’টি ওষুধ। এর পাশাপাশি কালো তেলও ব্যবহার করছে চসিক। তবে চবিতে শুধুমাত্র পাঠানো হচ্ছে নতুন দু’টি ওষুধসহ এডাল্ট্রিসাইড ও লার্ভিসাইড ওষুধের নমুনা।

এর আগে গত ১৪ মার্চ মেয়রের আমন্ত্রণে চসিকের টাইগার পাস কার্যালয়ে আসেন চবি শিক্ষকদের একটি প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে ছিলেন চবির প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. রবিউল হোসেন ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক রাসেল ও কাজী নূর সোহাদ।

চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম সিভয়েসকে বলেন, ‘মেয়র মহোদয়ের নির্দেশে ওষুধের নমুনা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সব কাগজপত্র তৈরি শেষে আগামীকালই (২২ মার্চ) পাঠানোর প্রস্তুতি নিয়েছি আমরা।’

এদিকে নগরবাসীর অভিযোগ, মশা মারতে চসিকে যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা ঠিকমতো দায়িত্ব পালন করছে না। তাছাড়া ওষুধের বদলে পানি ছিটিয়ে দেওয়ার অভিযোগও আছে। অন্যদিকে চসিকের কাউন্সিলররা জানান, মশা মারার কার্যক্রম শুরু হলেও ওয়ার্ডগুলোতে স্বল্পতা রয়েছে ফগার মেশিন ও হ্যান্ড স্প্রে-মেশিনের। চাহিদা থাকার পরও ফগার মেশিন দেওয়া হচ্ছে না বলে আক্ষেপ কাউন্সিলদের। -সিভয়েস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.