ভুল তথ্য দিয়ে রাষ্ট্রীয় পুরস্কার ও পদক নেন ওসি প্রদীপ

বিশেষ প্রতিবেদক:
সেনাবাহিনীর (অব.) মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের যাবতীয় রাষ্ট্রীয় পুরস্কার ও পদক বাতিলের দাবি জানানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এডভোকেট ফরিদুল আলম আদালতে যুক্তিতর্ক শুরু হওয়ার প্রথম দিনে আদালতের কাছে এ দাবি জানান।
পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, ওসি প্রদীপের বিরুদ্ধে ২০৪ জনের বেশি নিরীহ মানুষকে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে।
রবিবার (৯ জানুয়ারি) কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামিদের উপস্থিতিতে আলোচিত এ মামলার দুই পক্ষের যুক্তিতর্ক শুরু হয়। একটানা ৪ দিন আদালতে এ যুক্তিতর্ক চলবে।
আদালতে বাদি পক্ষে যুক্তিতর্কে ঢাকা থেকে আগত সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমানও অংশ নেন। তিনি সাক্ষীদের জবানবন্দি ও আইনের বিভিন্ন রেফারেন্স উল্লেখ করে আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তি কামনা করেন। তিনি বলেন, ‘সব ধরনের সন্দেহের ঊর্ধ্বে উঠে প্রসিকিউশন চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করেছেন, তাই আমাদের প্রত্যাশা হচ্ছে- আইন ও পদ্ধতির আলোকে সর্বোচ্চ শাস্তি তথা ন্যায় বিচার কামনা করছি।’
দীর্ঘ বক্তব্যে তিনি আরো বলেন, ‘আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে মেজর সিনহাকে হত্যা করেছে। পুলিশের কিছু বিপথগামী সদস্য দেশের একজন মেজরকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে- এতে সার্বিকভাবে সমগ্র পুলিশের কোনো দোষ নেই।সৈয়দ রেজাউর রহমানের দাবি, মামলা দায়ের থেকে শুরু করে তদন্ত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ, অভিযোগপত্র দায়েরসহ সবকিছুই আইন ও পদ্ধতি মোতাবেক যথাযথভাবে সম্পন্ন হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.