ভালোবাসা দিবসের মিথজীবী
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ অভিনয়ের পাশাপাশি টিভি নাটক পরিচালনা করেও দর্শক মহলে প্রশংসিত হয়েছেন আজিজুল হাকিম। আসছে ভালোবাসা দিবসে প্রচারের জন্য সম্প্রতি তিনি একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন। ‘মিথজীবী’ শিরোনামের এই টেলিফিল্মের চিত্রনাট্য লিখেছেন জিনাত হাকিম। এটি চ্যানেল আইতে প্রচার হবে। এতে অভিনয় করেছেন মীর সাব্বির ও মৌটুসী। তারা এবারই প্রথম আজিজুল হাকিমের নির্দেশনায় অভিনয় করেছেন। মীর সাব্বির ও মৌটুসীর অভিনয় প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘চরিত্রকে নিজের মধ্যে লালন করে পরিচালকের পয়েন্ট অব ভিউ থেকে নিজে দায়িত্ব নিয়েই মীর সাব্বির অভিনয় করার চেষ্টা করে। তার অভিনয়ে আমি বেশ আনন্দিত। আর মৌটুসীর প্রথম নাটক থেকেই তার অভিনয় আমার ভালো লাগে। সে খুব ভালো একজন অভিনেত্রী।’ আজিজুল হাকিমের নির্দেশনায় কাজ করা প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘হাকিম ভাই এর আগে আমার নির্দেশনায় নোয়াশাল ধারাবাহিকে অভিনয় করেছেন। আমারও ইচ্ছে ছিলো তার নির্দেশনায় অভিনয় করার। সেই ইচ্ছেটাই পূরণ হলো মিথজীবীতে অভিনয় করে। হাকিম ভাই মানুষ হিসেবে যেমন শান্তশিষ্ট, নির্দেশনাতেও মাথা ঠান্ডা রেখে কাজটি করেছেন। খুব গুছিয়ে তিনি কাজ করেন। আমরা ভীষণ উপভোগ করেছি তার নির্দেশনা।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.