ওয়ান নিউজঃ ভারত আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়াকে উন্নত-সমৃদ্ধ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রতিজ্ঞা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আসুন, আমরা প্রতিজ্ঞা করি, ভেদাভেদ ভুলে আমরা জনগণের মঙ্গলের জন্য কাজ করব।’
শুক্রবার জাতির পিতার জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের শেষদিনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘ভারত সরকার সুখে-দুঃখে সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছে। এবারও আমাদের ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে। আমি নরেন্দ্র মোদি, তার সরকার এবং ভারতের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এর আগে তারা আমাদের করোনাভাইরাসের টিকা উপহার দিয়েছেন। এবারও দিচ্ছেন। এজন্য আমি ধন্যবাদ জানাই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে উভয় দেশ বেশকিছু যৌথ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এ উপমহাদেশের দুই বরণীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও মহাত্মা গান্ধীকে নিয়ে ভারত সরকার বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে। আমি এজন্য ভারতের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ বাংলাদেশ, ভারত ও বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের নেতারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.