ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে কক্সবাজারে গ্রেফতারি পরোয়ানা

ওয়ান নিউজঃ সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে অশালীন মন্তব্য করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কক্সবাজারে মানহানির মামলা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আদালত নং-৪) এ মামলা করেন জেলা বারের সদস্য অ্যাডভোকেট ফখরুল ইসলাম গুন্দু। মামলাটি আমলে নিয়ে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আশেক ইলাহী শাহজাহান নুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যারিস্টার মইনুল হোসেনকে আসামি করে কক্সবাজার সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত তামান্না ফারাহ’র আদালতে একটি ফৌজদারি দরখাস্ত করা হলে আদালত দরখাস্তটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বাদী অ্যাডভোকেট ফখরুল ইসলাম গুন্দু বলেন, দেশের প্রথম সারির স্যাটেলাইট টেলিভিশন একাত্তর টিভির এক টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে দেশের নারী সমাজকে চরমভাবে অপমান করেছেন। এতে মাসুদা ভাট্টির ১০ কোটি টাকার মানহানি হয়েছে বলে আমি মনে করি। ওই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে আমি মামলাটি দায়ের করেছি।

মামলাটি পরিচালনা করেন জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শওকত বেলাল।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের টক শো ‘একাত্তরের জার্নাল’ এ ব্যারিস্টার মইনুল হোসেনকে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে আপনি যে হিসেবে উপস্থিত থাকেন- আপনি বলেছেন আপনি নাগরিক হিসেবে উপস্থিত থাকেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, আপনি জামায়াতের প্রতিনিধি হয়ে সেখানে উপস্থিত থাকেন।’

মাসুদা ভাট্টির এই প্রশ্নে রেগে গিয়ে মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। আমার সঙ্গে জামায়াতের কানেকশনের কোনো প্রশ্নই নেই। আপনি যে প্রশ্ন করেছেন তা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.