ইমাম খাইর:
কক্সবাজারের রামুর খুনিয়াপালং ইউনিয়নের দক্ষিণ খুনিয়াপালংয়ে বৈদ্যুতিক ফাঁদে আটকে একটি বন্য মা হাতিকে হত্যার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা মৃত হাতিটির শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন করে ফেলেছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) ভোররাতের কোনো একসময় হাতিটি বৈদ্যুতিক ফাঁদে আটকে মৃত্যুর কবলে পড়ে বলে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হুমায়ুন কবির।
এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হাতি হত্যার ঘটনায় নজির আহমদ (৭০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান এলাকার বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার সকালে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান সংলগ্ন পাহাড়ী এলাকার ধানক্ষেত থেকে হাতিটির মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে সাজ্জাদ বলেন, সোমবার রাতে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান সংলগ্ন পাহাড়ী এলাকায় স্থানীয় ধানক্ষেতে ৫/৬ টি বন্যাহাতির দল খাবার খেতে নামে। এসময় ধানক্ষেতটির মালিক নুরুল ইসলাম ও তার স্বজনরা হাতিগুলো তাড়ানোর চেষ্টা চালায়।
একপর্যায়ে তারা ধানক্ষেত থেকে তাড়ানোর জন্য হাতিগুলোকে বিদ্যুতের শট দেয়। এতে অন্য হাতিগুলো পালিয়ে যেতে সক্ষম হলেও একটি হাতি ঘটনাস্থলে মারা যায়। পরে মৃত হাতিটিকে ধারালো অস্ত্র দিয়ে খন্ড-বিখন্ড করার পর ধানক্ষেতে মাটি চাপা দেয়।
এ ঘটনায় রামু থানায় সাধারণ ডায়েরী এবং কক্সবাজার বন আদালতে ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা জানান, ধারণা করা হচ্ছে ভোররাতে রামুর খুনিয়াপালংয়ের ধোয়াপালং এলাকায় ধানক্ষেতে চলে আসে একটি মা হাতি। সেখানে আগে থেকে স্থানীয়দের পাতানো বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু হয়। এরপর কিছু দুর্বৃত্ত শরীর থেকে হাতিটির মাথা ও পা বিচ্ছিন্ন করে তা পুঁতে ফেলার চেষ্টা করে। তাদের ধরতে অভিযান চলছে। এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে উল্লেখ করেন ইউএনও।
স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ খুনিয়াপালংয়ের জনৈক নজির আহমদের ধান ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করা হয়। এতেই হাতিটি নির্মম মৃত্যুর শিকার হয়। হাতির মৃত দেহ লুকাতে পা, শূড় কেটে খণ্ড, বিখন্ড করা হয়। এসব টুকরো অংশ উদ্ধার করে বনবিভাগ। খবর পেয়ে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগান চাকমা, খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মাবুদসহ বন বিভাগের সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত হাতিটির ময়নাতদন্তের জন্য আলামত সংগ্রহ করেছে প্রাণী সম্পদ বিভাগ।
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১২
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.