বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ

আবেদনের সুযোগ পাচ্ছেন পঁয়ত্রিশোর্ধ্বরাও

ওয়ান নিউজ ডেক্সঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তির আলোকে শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকাও প্রকাশ করেছে এনটিআরসিএ। বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগে সুপারিশ পেতে পঁয়ত্রিশোর্ধ্ব প্রার্থীরাও আবেদনের সুযোগ পাচ্ছেন।

গত ৪ এপ্রিল থেকে এ আবেদন শুরু হয়েছে। আবেদনকারীরা ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। ফি জমা দিতে পারবেন ৩ মে রাত ১২টার মধ্যে টেলিটকের মাধ্যমে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেওয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। আবেদনের ফি ১০০ টাকা।

তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদের মধ্যে স্কুল–কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১টি শূন্য পদ রয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত পদ ২৬ হাজার ৮৩৮টি। মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট শূন্য পদ ২০ হাজার ৯৯৬টি। এর মধ্যে ১৯ হাজার ১৫৪টি এমপিওভুক্ত। মোট ৫৪ হাজার ৩০৪টি পদের মধ্যে ২ হাজার ২০৭টি এমপিও পদে রিট মামলায় অংশগ্রহণ করা প্রার্থী আবেদনের সুযোগ পাবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.