ইমাম খাইরঃ
বিস্কুটের কার্টনে ভরে পাচারকালে দেড় লাখ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- কড়ইবুনিয়া এলাকার রশিদ আহম্মেদের ছেলে মোঃ আবুল হাশেম (২৩) ও কুতুপালং, ক্যাম্প নং-০৬, ব্লক- এ/১১ এর আবু ছিদ্দিকের ছেলে মোঃ আলম (২১)।
সোমবার (২৪ মে) সকাল সাড়ে ১১ টার দিকে রামু বোটানিক্যাল গার্ডেনের সামনে থেকে তাদের আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিস্কুটের কার্টনে ইয়াবার বিশাল চালানসহ একটি মাদক কারবারিচক্রের অবস্থানের তথ্য পেয়ে অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম। রামু থানাধীন রাজারকুল ইউপিস্থ বোটানিক্যাল গার্ডেনের সামনে রামু টু মরিচ্যাগামী পাকা রাস্তার উপর একটি টমটম গাড়ি হতে দুইজনকে আটক করা হয়। তারা বিস্কুটের কার্টনে ভরে এসব ইয়াবা পাচার করছিল।
পুলিশ সুপার বলেন, এসব ইয়াবা কোথা থেকে আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কারা এর সাথে সম্পৃক্ত ছিল প্রাথমিক তথ্য পেয়েছি। আমরা আরও খোঁজখবর নিচ্ছি।
আটক দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.