বিশ্বকাপের চেয়ে গম্ভীরের কাছে অলিম্পিক পদকই বড়

ডেস্ক নিউজ:
ভারতের ক্রিকেটের বড় নামগুলোর একটি গৌতম গম্ভীর। তিন ফরম্যাটেই দুর্দান্ত চলত তার ব্যাট। নিজে প্রত্যক্ষ অবদানে দেশকে দুটি বিশ্বকাপ জিতিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ভারতের হয়ে গম্ভীর স্বাদ নিয়েছেন ওয়ানডে বিশ্বকাপেরও, একজন ক্রিকেটারের জন্য যা চির আরাধ্যের বিষয়। কোনো পাল্লায়ই যার ওজন মাপা দুরূহ! এ অর্জনের চেয়ে গম্ভীর বড় করে দেখছেন অলিম্পিকে ভারতের পুরুষ হকি দলের ব্রোঞ্জ পদক জয়কে। বৃহস্পতিবার (৫ আগস্ট) জার্মানিকে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ভারত।

টোকিও অলিম্পিকে ভারতের হকি দলের এই অর্জনের পর অনেকেই নিজ দেশের খেলোয়াড়দের প্রশংসায় ভাসাচ্ছেন। সবচেয়ে বড় প্রশংসা হয়তো করেছেন গম্ভীরই। নিজের দুই দুইটি বিশ্বকাপকেই খাটো করে দেখছেন একটি অলিম্পিক পদকের সামনে। এ নিয়ে গম্ভীর এক টুইটে বলেন, ‘১৯৮৩, ২০০৭ বা ২০১১ ভুলে যান। হকির এই পদক যে কোনো বিশ্বকাপের থেকে বড় সাফল্য।’ ক্রিকেটার গম্ভীর একা নন, আরও বহু রথী-মহারথী ভারত হকি দলের এই সাফল্যকে অনেক বড় করে দেখছেন। অনেকে এই সাফল্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছেন আলোচনায়ও যুক্ত হয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অভিনন্দন জানিয়েছেন খেলোয়াড়দের। তার ভাষ্য, ‘এই সাফল্যে ভারত উৎফুল্ল, অনুপ্রাণিত, গর্বিত। টোকিওতে হকি দলের দুর্দান্ত জয় গোটা দেশের জন্য গর্বের। এটা নতুন ভারত, আত্মবিশ্বাসী ভারত।’ শুধু টুইটই নয়, ফোন করে ভারতীয় দলের অধিনায়ক মানপ্রীত সিং এবং দলের অন্য সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি।

৪১ বছর পর অলিম্পিকে কোনো পদক জিতল ভারত হকি দল। অথচ একটা সময় তাদের টেক্কা দেওয়ার মতো তেমন দলই ছিল না আন্তর্জাতিক পরিমণ্ডলে।

ব্রোঞ্জ জেতার পথে ভারতের খেলোয়াড়রা কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন গ্রেট ব্রিটেনকে। সেমিফাইনালে মানপ্রীত সিংয়ের দল প্রতিপক্ষ হিসেবে পায় বেলজিয়ামকে। যেখানে ২-৫ ব্যবধানে হারের ফলে সোনার প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়ে ব্রোঞ্জের জন্য লড়াই করে তারা। এর আগে ভারত গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের চারটিতে জয় পায়। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয় বরণ করে এশিয়ার দেশটি। এরপর স্পেনকে কোনো সুযোগ না দিয়েই ৩-০ গোলে জিতে তারা। চতুর্থ ম্যাচে আর্জেন্টিনাকে হারানোর পর শেষ ম্যাচে জাপানকে ৫-৩ গোলে হারায় ভারত শিবির।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.