ডেস্ক নিউজ:
করোনা মহামারির প্রকোপ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই আগামী ১ আগস্ট রবিবার থেকে দেশের রপ্তানিমুখী সব শিল্প কল-কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রবিবার সকাল ৬টা থেকে রপ্তানিমুখী সব শিল্প ও কল-কারখানা আরোপিত বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে।
তবে শিল্প, কল-কারখানা খোলার সিদ্ধান্ত এলেও দূরপাল্লার যানবাহন বন্ধই থাকছে। প্রজ্ঞাপনে এ সংক্রান্ত কোনো সিদ্ধান্তের কথা নেই। এই অবস্থায় ঈদের ছুটি বাড়িতে যাওয়া কর্মীরা কীভাবে কর্মস্থলে ফিরবেন সেটা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
আট দিনের শিথিলতার পর গত ২৩ জুলাই থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ, যা আগামী ৫ আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে।
করোনাভাইরাসের প্রকোপ রোধে সরকারের জারি করা আগের কয়েকবারের বিধিনিষেধে গার্মেন্টসসহ শিল্পকারখানা খোলা থাকলেও এবারই প্রথম তা বন্ধ রাখার সিদ্ধান্ত আসে। শুরু থেকেই মালিকরা গার্মেন্টসহ শিল্পকারখানা খোলা রাখার দাবি জানালেও সরকারের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, ৫ আগস্ট পর্যন্ত কোনো শিল্পকারখানা খুলবে না।
তবে বৃহস্পতিবার মালিকরা মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে বিধিনিষেধের মধ্যেই শিল্পকারখানা খুলে দেওয়ার দাবি জানান। এর একদিনের মাথায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিল্পকারখানা খুলে দেওয়ার প্রজ্ঞাপন জারি হলো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.