বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা মাদক কারবারি নিহত

ইমাম খাইর,  ওয়ান নিউজঃ

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে।

উদ্ধার করা হয়েছে দুই লাখ দশ হাজার ইয়াবা, ১টি দেশীয় তৈরি অস্ত্র, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি ধারালো কিরিচ।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত মধ্যরাতে টেকনাফ মুচনীপাড়া ও ছুরিখালের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ২ জন হলো- উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের মৃত ছৈয়দ আহমদের পুত্র আবদুস সালাম (৩৫) এবং একই ক্যাম্পের হাবিব উল্লাহর পুত্র ফেরদৌস (৩০)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এই সব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত ১১ টার দিকে বিজিবির টহলদলের সদস্যরা জানতে পারে, হ্নীলা ইউনিয়নের ছুড়িখাল চেকপোষ্ট সংলগ্ন মোচনী লবণ মাঠ বরাবর নাফনদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে লেদা বিওপির একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় অভিযানে যায়। কিছুক্ষণ পর টহল দলের সদস্যরা ২/৩ জন ব্যক্তিকে সাঁতরিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে।কতিপয় ব্যক্তিরা সাঁতরিয়ে কূলে ওঠার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করে টহল দলের সদস্যরা।বিজিবির উপস্থিত টের পেয়ে পাচারকারীরা নদীর তীরের নিকটবর্তী কেওড়া জঙ্গলের আঁড় ব্যবহার করে নিরাপদে অবস্থান নেয়।টহলদলের সদস্যরা কৌশলগত অবস্থান নিয়ে তাদের দিকে ধাবিত হলে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা অতর্কিত ভাবে গুলিবর্ষণ করে।

এ সময় তিনজন বিজিবি সদস্য আহত হয়েছে বলে লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান দাবী করেন।

তিনি জানান, বিজিবি সদস্যরা নিজেদের জান-মাল আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। একপর্যায়ে অস্ত্রধারীরা পালিয়ে গেলে গোলাগুলি থেমে যায়। এসময় টহলদলের সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজন ব্যক্তিতে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।
পরে আহত বিজিবি সদস্য ও গুলিবিদ্ধ ব্যক্তিদের দ্রুত টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজিবি সদস্যদের চিকিৎসা দিয়ে গুরুতর আহত গুলিবিদ্ধ ব্যক্তিদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের মতে, মাদক বিরোধী অভিযানে গোলাগুলিতে দুইজন রোহিঙ্গা মাদক পাচারকারী হয়েছে। এ ঘটনায় সরকারী দায়িত্বে বাঁধা প্রদান ও অবৈধ মাদক পাচারের আইনে মামলার প্রক্রিয়া চলছে।

 

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.