বায়েজিদে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার, দুই অপহরণকারী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
নগরের বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপু এলাকা থেকে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হাত থেকে উদ্ধার করা হয়েছে মো. শিহাব উদ্দীন (২৪) নামে এক মাদ্রাসাছাত্রকে।

শনিবার (২৬ জুন) রাত সাড়ে ১২টার দিকে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই অপহরণকারী হলো— রবিউল হোসেন (২৭) এবং রাসেল প্রকাশ সুমন (২২)। রবিউলের বাড়ি বাগেরহাটে আর রাসেলের বাড়ি লক্ষীপুরে হলেও দীর্ঘদিন ধরে তারা বায়েজিদের পেঁয়াজীর পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকছে। রবিউলের বিরুদ্ধে অস্ত্র আইনে পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী, সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে তিনটি এবং মারামারির একটি মামলা রয়েছে।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অপহরণের পর বিকাশে স্বজনদের দেওয়া ১৬ হাজার টাকা, ১টি স্বর্ণের আংটি, ছিনতাই করা ৭টি হাত ঘড়ি, ৩টি মোবাইল, ১টি ওয়াকিটকি ও ওয়াকিটকির চার্জার আর আধা কেজি গাঁজা।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে এক ব্যক্তি অভিযোগ করেন ঢাকা থেকে হাটহাজারী আসার পথে তার ভাগিনা অপহরণ হয়েছে। অপহরণকারীরা গ্রামের বাড়িতে ফোন করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। নইলে ভিকটিমকে প্রাণে মারার হুমকি দেয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে অপরাধীদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে ভিকটিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মীর মুনীর হোসেন বাদী হয়ে একটি এবং উদ্ধার করা মালামালের জন্য পৃথক আইনে দুটি মামলা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.