বাংলাদেশি মাইক্রো চালককে জবাই করে হত্যা, সহযোগিকে আটকে রেখে মারধর

ইমাম খাইর#
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে নুরুল হুদা নামক বাংলাদেশি মাইক্রো চালককে পিটিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। এ সময় নুরুল বশর নামক সহযোগীকে আটকে রেখে ব্যাপক মারধর করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
রোহিঙ্গা সন্ত্রাসি সংগঠন আল-ইয়াকিনের সদস্যদের হাতে হত্যার শিকার নুরুল হুদা হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার নুর হোসেনের ছেলে।
নুরুল বশর একই ইউনিয়নের রঙ্গীখালী এলাকার দিলদার আহমদের ছেলে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা সন্ত্রাসি গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে বাংলাদেশি ওই মাইক্রো চালক হত্যার শিকার হয়েছেন। এ সময় আরো তিনজন নিহত হয়। তারা সবাই রোহিঙ্গা।
সেখানে একজন রোহিঙ্গা সন্ত্রাসী মুন্নার ভাই গিয়াস উদ্দিন। আরেকজনের নাম মোঃ ফারুক। অন্যজনের পরিচয় জানা যায় নি।
সুত্রগুলোর দাবি, রোহিঙ্গা ‍দুই সন্ত্রাসি গ্রুপের ‘দাঙ্গা’য় অংশ নিতে হ্নীলা শরণার্থী শিবির থেকে রোহিঙ্গাদের একটি দল মাইক্রো ভাড়া করে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে আসছিলেন। ওই মাইক্রোবাসের (নোয়াহ) চালক ছিলেন হ্নীলা রঙ্গীখালী এলাকার নুরুল বশর। চালক নুরুল বশরই তার আরেক বন্ধু হ্নীলার পশ্চিম সিকদার পাড়ার নুরুল হুদাকে সাথে নিয়ে এসেছিলেন।
তারা কুতুপালং শরণার্থী শিবিরে পৌঁছার সাথে সাথেই প্রতিপক্ষ রোহিঙ্গা সন্ত্রাসি গ্রুপের হামলার শিকার হন। ওই সময় বন্ধুর সাথে আসা নুরুল হুদা গাড়িতে রোহিঙ্গাদের সাথেই বসা ছিলেন। হামলাকারি রোহিঙ্গারা তাকেও রোহিঙ্গা ভেবে বেধড়ক মারধর ও জবাই করে হত্যা করে। ওই মাইক্রোর চালক নুরুল বশর পালানোর চেষ্টা করলেও তাকে ধরে বেধড়ক পিটিয়ে সন্ত্রাসি গ্রুপ ‘আল-ইয়াকিন’ সদস্যরা শরণার্থী শিবিরেই আটকে রেখেছে।
মঙ্গলবার রাতের ওই সংঘর্ষের ঘটনায় চারজনের মৃত্যু হয়। এদের মধ্যে তিনজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি রয়েছেন।
স্থানীয় ও পরিবার সূত্র এসব তথ্য জানিয়েছেন। তারা রোহিঙ্গাদের হাতে বন্দি নুরুল বশরকে ফিরে পেতে বিষয়টি পুলিশ ও শরণার্থী শিবিরের সিআইসি’কেও (ক্যাম্প ইন-চার্জ) জানান নি।
একটি সুত্র জানিয়েছেন, নুরুল বশরের পরিবারের সাথে রোহিঙ্গা সন্ত্রাসি সংগঠন ‘আল-ইয়াকিন’ সদস্যদের যোগাযোগ হয়েছে। ওই সন্ত্রাসিরা নুরুল বশরকে ছেড়ে দেয়া আশ্বাস দিয়েছে।
সুত্র মতে, নুরুল বশরের পরিবারের একজন সদস্য উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের দিকে রওয়ানা দিয়েছেন।
রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা পাচার, চাঁদাবাজি, অপহরণ নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী মুন্না বাহিনীর সাথে আরেক সন্ত্রাসী বাহিনীর দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছিলো।
মঙ্গলবার সন্ধ্যায় উভয় গ্রুপ আবার সংঘর্ষে লিপ্ত হয়। দীর্ঘ ১ ঘন্টা উভয় গ্রুপের মাঝে থেমে থেমে গোলাগুলি হয়। ভারি অস্ত্রের পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়েও উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় ৪ জন নিহত।
রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা ১৪ আমর্ড পুলিশ ব্যাটলিয়ন এপিবিন অধিনায়ক আতিকুর রহমান জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
উল্লেখ্য, গত ৪ অক্টােবর ভোরে রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫) নামের দুইজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছিল আরো অন্তত দশজন। সেই সংঘের্ষর রেশ এখনো রয়ে গেছে। চলেছে সংঘাত-সংঘর্ষ। কয়েকদিনের ধারাবাহিক সংঘাত-সংঘর্ষের ঘটনায় স্থানীয় রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এসব ঘটনায় বহিঃশক্তির কোন ইন্ধন আছে কিনা? স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে খতিয়ে দেখার দাবি ওঠেছে।

 

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.