নিজস্ব প্রতিবেদকঃ করোনার কারণে দীর্ঘ সময় বন্ধের পর আগস্ট থেকে কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিডিউল ফ্লাইট চালুর ঘোষণার কয়েকদিনের মাথায় অনির্দিষ্টকালের জন্য এই রুটে ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিমানের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বিমান জানায়, কুয়েত বিমানবন্দরের নিষেধাজ্ঞার কারণে ৪ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। কুয়েতগামী বিমানযাত্রীদের পরবর্তী ভ্রমণের জন্য বিমানের হেল্পলাইন বা কল সেন্টারে (+৮৮০১৭৭৭৭১৫৬১৩-১৬) যোগাযোগ করতে বলা হয়েছে।
এ নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, মিশর, ফিলিপাইন, লেবানন, শ্রীলঙ্কাসহ ৩১টি দেশ।
এর আগে গত ২৬ জুলাই বিমানের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগস্ট থেকে ঢাকা-কুয়েত-ঢাকা রুটে সিডিউল ফ্লাইট শুরু করবে রাষ্ট্রীয় পতাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুরুতে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। সপ্তাহের প্রতি মঙ্গলবার এই সিডিউল ফ্লাইটটি পরিচালিত হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.