বন্যহাতির বাড়ি দখল: নভেম্বরেই হত্যা তিনটি

আবদুল আজিজ, (বাংলা ট্রিবিউন) কক্সবাজার:
এশিয়ান বন্যহাতি বাংলাদেশের গর্ব। কিন্তু, বন লুটের কারণে সে গর্ব এখন ধ্বংসের মুখে। রোহিঙ্গাদের এদেশে মানবিক কারণে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যতটা প্রশংসা এসেছে বাস্তব অর্থে মাঠে এর প্রতিক্রিয়া হয়েছে ভয়াবহ বেশি। যে অভয়াশ্রমে থাকতো বন্য হাতির দল, যেখানে খাবার সংগ্রহ করতো-রোহিঙ্গাদের কারণে সেই পথগুলো এখন পুরোটাই দখল হয়ে গেছে। হাতির চলার করিডোরে রোহিঙ্গারা করেছে বাড়ি, সুযোগ বুঝে স্থানীয়রাও দখল করেছে অনেক বনাঞ্চল। ফলে গত তিন বছরে উদ্বাস্তু রোহিঙ্গাদের জায়গা দিতে গিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছে এদেশের বন্যহাতির দল। দখল হয়ে গেছে তাদের বাড়ি ও চলার পথ। এমনকি এখন সরকার সেই হাতি চলাচলের করিডোরের ওপরে করছে রেললাইন নির্মাণের কাজ। শুধুমাত্র কক্সবাজারেই গত দুই বছরে অস্বাভাবিকভাবে হত্যা করা হয়েছে ১৩টি বন্যহাতি। এর মধ্যে ৩টি এই নভেম্বরেই।

পরিবেশবাদীরা দাবি করেছেন, চলতি মাসের ৬ নভেম্বর থেকে কক্সবাজারের রামু ও চকরিয়ায় বৈদ্যুতিক শক দিয়ে এবং গুলি করে হত্যা করা হয়েছে ৩টি বন্যহাতি। গত দুই বছরে কক্সবাজার ও আশপাশের অঞ্চলে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে ১৩টি বন্যহাতি। তারা বলছেন, খাদ্য সংকটে পড়া হাতিগুলো লোকালয়ে হানা দেওয়ায় মানুষের সঙ্গে প্রাণীগুলোর দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এ কারণে ফসল রক্ষায় মাঠের চারপাশে বেড়া দিয়ে সেগুলোতে বৈদ্যুতিক তার লাগিয়ে দেওয়ায় শক লেগে মারা পড়েছে কমপক্ষে দুটি হাতি। এছাড়াও গুলি করে হত্যা করা হয়েছে আরও একটি খাদ্যের খোঁজে আসা প্রাণীকে। গত ১২ জুনেও হ্নীলা এলাকায় এভাবেই আরও একটি বন্য হাতিকে হত্যা করা হয়। ওইসময়ও মারা পড়ে আরও তিনটি হাতি।

পরিবেশবাদীরা জানিয়েছেন, সারাদেশে মাত্র ২৬৮ টি মহাবিপন্ন এশিয়ান হাতি রয়েছে। এর দুই তৃতীয়াংশেরই বসবাস কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। কিন্তু, কক্সবাজার ও পার্শ্ববর্তী বনাঞ্চলে রেললাইন স্থাপন, রোহিঙ্গা বসতি, বিভিন্ন প্রকল্প, অবৈধ জবরদখলসহ বিভিন্ন কারণে এসব হাতির নিরাপদ আবাসস্থল ধ্বংস হয়ে গেছে। ফলে একদিকে দেখা দিয়েছে হাতির খাদ্যাভাব, অন্যদিকে প্রাণীগুলোর চলাচলের করিডোর চরমভাবে বাধাগ্রস্ত হয়েছে। ফলে এসব হাতি লোকালয়ে হানা দিচ্ছে। এতে হাতি ও মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। গত ৬ নভেম্বর চকরিয়ার খুটাখালী বনাঞ্চলে একটি বাচ্চা হাতিকে গুলি করে হত্যা করা হয়। ১০ দিনের ব্যবধানে ১৬ নভেম্বর রামুর জোয়ারিয়ানালা বনাঞ্চলে গুলিবিদ্ধ হয়ে ৩০ বছর বয়সী আরেকটি স্ত্রী হাতি মারা যায়। একদিনের ব্যবধানে ১৭ নভেম্বর রামুর দক্ষিণ মিঠাছড়িতে বৈদ্যুতিক শক দেওয়ার পর গুলি করে আরও একটি হাতিকে হত্যা করা হয়। কয়েক মাস আগে একইভাবে হত্যা করা হয়েছে আরও দুটো হাতি। গত দুই বছরে কক্সবাজার ও আশপাশের অঞ্চলে এভাবেই হত্যা করা হয়েছে ১৩টি বন্যহাতি। হাতি হত্যা করা হয়েছে পার্বত্য চট্টগ্রামেও।

কক্সবাজারে একের পর এক এশিয়ান হাতির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা জানান, নিরাপদ আবাসস্থল তৈরি, খাদ্য সংকট দূর করা, হাতি চলাচলের করিডোর নিরাপদ ও নির্বিঘ্ন রাখা, হাতি হত্যায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা, মানুষের মধ্যে সচেতনতা তৈরি, বনভূমি দখল রোধ, বনাঞ্চল তৈরিসহ মহাবিপন্ন এই এশিয়ান হাতি সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে মানুষের নির্মমতায় দিন দিন বিলুপ্ত হয়ে পড়বে বন্যহাতি।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু বলেন, ‘কক্সবাজারে অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। বিশেষ করে রেললাইন ও রোহিঙ্গাদের কারণে বন্যহাতির আবাসস্থল ধ্বংস হয়ে গেছে। গভীর বনাঞ্চলেও মানুষেরা অবৈধ দখলে নিয়ে বসতি স্থাপন করেছে। এতে করে চরম খাদ্য সংকট সৃষ্টি হওয়ায় হাতিগুলো লোকালয়ে মানুষের ফসলে হানা দিচ্ছে এবং মানুষের নির্মমতায় মারা যাচ্ছে এশিয়ান হাতি।’

পরিবেশবাদী সংগঠন এনভায়রনমেন্ট পিপলের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে কক্সবাজারে একের পর এক বন্যহাতিকে গুলি করে হত্যা করা হচ্ছে। হাতি এবং মানুষের মধ্যে দ্বন্দ্বের কারণে এ অবস্থা সৃষ্টি হচ্ছে। কক্সবাজার অঞ্চলে যেসব বন্যহাতি রয়েছে তারা একটি নির্দিষ্ট এলাকায় বন্দি হয়ে আছে। হাতির আবাসস্থল দিয়ে অপরিকল্পিত রেললাইন ও রোহিঙ্গা বসতি গড়ে উঠায় এ পর্যন্ত ২২টি হাতির করিডোর বন্ধ হয়ে গেছে। ফলে হাতিগুলো লোকালয়ে হানা দিচ্ছে এবং এক শ্রেণীর দুস্কৃতকারী হাতিগুলোকে গুলি করে হত্যা করছে। এসব হাতিকে বাঁচাতে গেলে সরকারকে সঠিক কর্মপরিকল্পনা হাতে নিতে হবে।’

কক্সবাজার পরিবেশ অধিদফতরের উপ পরিচালক মো. নাজমুল হুদা জানিয়েছেন, ‘কক্সবাজারে বিভিন্ন এলাকায় হাতিসহ বন্যপ্রাণি হত্যার বিষয়টি ব্যাপক আকার ধারণ করেছে। পাহাড় কাটাসহ বিভিন্ন মানব সৃষ্ট কারণে হাতি ও বন্যপ্রাণির আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে তাদের খাদ্য সংকট দেখা দিয়েছে। তাই পাহাড় কাটা রোধসহ বন্যপ্রাণির অভয়াশ্রম বা আভাসস্থল রক্ষায় পরিবেশ অধিদফতর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলে কক্সবাজার দক্ষিণ ও উত্তর বিভাগীয় বনকর্মকর্তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার বনবিভাগের এক কর্মকর্তা জানান, চলতি মাসে ৩টি বন্যহাতিকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে দেখা গেছে; প্রতিটি হাতিকে ৪ থেকে ৮টি পর্যন্ত গুলি করা হয়েছে। পাশাপাশি বৈদ্যতিক শক লাগার চিহ্নও রয়েছে। ফলে মানুষের এমন নির্মমতায় এশিয়ান হাতি বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.