নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনকালে কোনো শোভাযাত্রা করা যাবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সীমিত রাখা হতে পারে পূজামণ্ডপের সংখ্যাও।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ভার্চুয়াল সভায় এসব নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে মোবাইল ডিউটিতে থাকবে; পূজামণ্ডপে জনসমাগম কমানোর জন্য অঞ্জলি প্রদান অনুষ্ঠান টিভি চ্যানেলে প্রচারের জন্য পূজা উদযাপন কমিটি ব্যবস্থা গ্রহণ করতে পারেন; ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে বিভিন্ন অনুষ্ঠান করতে হবে; জনসমাগম সীমিতকরণসহ অন্যান্য নির্দেশাবলী মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে।
আরও গৃহীত সিদ্ধান্তগুলো হলো- করোনার সেকেন্ড ওয়েব সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে; পূজামণ্ডপ ব্যবস্থাপনায় পূজা উদযাপন কমিটি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন। জরুরি প্রয়োজনে পূজা উদযাপন কমিটি ৯৯৯ সেবা নিতে পারবেন।
আলোচনা সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব,তথ্য মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.