ডেস্ক নিউজ:
সাতকানিয়ায় নিখোঁজের সাড়ে ১৪ ঘন্টা পর স্থানীয় সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র বড় ভাইয়ের লাশ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তার নাম আবুল ওয়াফা মোহাম্মদ শাহাবুদ্দীন (৫৭)। আজ বুধবার ভোরে উপজেলার মার্দাশা ইউনিয়নের ১নং ওয়ার্ড মক্কার বাড়ি এলাকার নিজ বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয় জনতা ও পরিবারের লোকজন লাশ উদ্ধার করে।
মাদার্শা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল হোসাইন মনু বলেন, গত মঙ্গলবার মাগরিবের পর ঘরে ফিরে না আসায় এম.পি সাহেবের বড় ভাই শাহাবুদ্দীনকে পরিবারের লোকজন, স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিসসহ ৫ শতাধিক লোক মিলে বাড়ির পার্শ্ববর্তী এলাকা ও পাহাড়ি অঞ্চলে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। দীর্ঘ সাড়ে ১৪ ঘন্টা পর আজ বুধবার ভোরে স্থানীয় জনতা এম.পি সাহেবের বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় শাহাবুদ্দীনের লাশ দেখতে পায়। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে নামাজের জানাজা শেষে শাহাবুদ্দীনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে ইউ.পি সদস্য মনু জানান।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মাগরিবের পরও তিনি বাড়ি ফিরে না আসায় খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বুধবার ভোরে বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় শাহাবুদ্দীনের লাশ দেখতে পেয়ে স্থানীয় জনতা উদ্ধার করে। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে স্থানীয় ১নং ওয়ার্ডের ইউ.পি সদস্য আবুল হোসাইন মনু বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
এ ঘটনার পর এম.পি মহোদয়ের বাড়ির ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে জানা যায়, গত মঙ্গলবার যোহরের নামাজ পড়ে দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে মৃত শাহাবুদ্দীন বাড়ির সামনে পুকুরের ঘাটে গিয়ে পায়ের সেন্ডেল খুলে বসেন। কিছুক্ষণ পুকুর পাড়ে বসার পর এক পর্যায়ে তাকে পুকুরে পড়ে যেতে দেখা যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.