নোয়াখালীতে এক গৃহবধূকে চার টুকরো করে হত্যা

ওয়ান নিউজঃ সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দেশব্যাপী তোলপাড়ের মধ্যেই এবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক গৃহবধূকে চার টুকরো করে কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা ছিন্ন মস্তকসহ ওই নারীর দেহের চার টুকরো উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ।

বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার উত্তর জাহাজমারা প্রকাশ চেউয়্যাখালী গ্রামের একটি বিল থেকে তার দেহাংশ উদ্ধার করা হয়।
নিহত নূর জাহান বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

চরজব্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গৃহবধূর মরদেহের দুই টুকরো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তার মাথা আর কোমরের অংশ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গৃহবধূকে কেটে চার টুকরো করে হত্যা করা হয়েছে। তবে তার শরীরের বুক ও পায়ের অংশ এখনও খুঁজে পাওয়া যায়নি।

নিহতের ছেলে হুমায়ন কবির (২৮) জানান, বুধবার ভোর থেকে তার মা নিখোঁজ ছিল। পরে স্থানীয় এক নারী বিকেলের দিকে ধানক্ষেতের আইলে শামুক খুঁজতে গিয়ে টুকরো টুকরো মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে তিনি মরদেহের পাশে শামুকের ব্যাগ দেখে মায়ের মরদেহ শনাক্ত করেন।

ওসি সাহেদ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.