নোয়াখালীতে এনসিপির নেতা হান্নান মাসউদের ওপর হামলা

ওয়ান নিউজঃ নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে ওই ঘটনা ঘটে। এই হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি চলাকালে রাত সাড়ে ৯টার দিকে দ্বিতীয় দফায় হামলা হয় বলে জানিয়েছেন হান্নান মাসউদের সমর্থকেরা।

অবস্থান কর্মসূচিস্থলে থাকা হান্নান মাসউদের প্রতিনিধি মোহাম্মদ ইউছুফ গণমাধ্যমকে বলেন, গত শনিবার এনসিপি নেতা হান্নান মাসউদ এলাকার দুস্থ মানুষের খোঁজখবর নিতে হাতিয়ায় আসেন। আজ বিকেলে তিনি উপজেলার জাহাজমারা বাজারে যান। ইফতার শেষে সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে তিনি বাজারে একটি পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বিএনপি নামধারী একদল লোক বাজারের পশ্চিম দিক থেকে একটি মিছিল নিয়ে অতর্কিত পথসভায় বাধা দেন এবং হামলা চালান। তাঁদের হামলায় মো. তুহিনসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

মোহাম্মদ ইউছুফের অভিযোগ, হামলাকারীরা আবদুল হান্নান মাসউদের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় উপস্থিত জনতা ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান। পরে তাঁরা হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে হান্নান মাসউদের নেতৃত্বে জাহাজমারা বাজারে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন।

এ নিয়ে কথা হয় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের সঙ্গে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা মানুষের সঙ্গে কথা বলছিলাম। এমন সময় বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন মিছিল নিয়ে আমাদের মিটিংয়ে ঢুকে যান। তাঁরা আমাদের লোকজনের ওপর হামলা চালান। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন।’

হান্নান মাসউদ আরও বলেন, ‘হামলার সঙ্গে জড়িত চিহ্নিত চাঁদাবাজদের আইনের আওতায় আনার দাবিতে আমরা সড়কে অবস্থান নিয়েছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক গণমাধ্যমকে বলেন, জাহাজমারায় কারা কী করেছে, এর কিছুই জানেন না তিনি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা গণমাধ্যমকে বলেন, হান্নান মাসউদের পথসভায় হামলার খবর তিনি শুনেছেন। তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.