নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে: নাসিম

চট্রগ্রাম প্রতিনিধিঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে।

তিনি শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘির মাঠে প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, জঙ্গি গোষ্ঠি ও রাজাকারদের ক্ষমতায় বসতে দেয়া যাবে না। দেশের উন্নতি সাধন ও শান্তিপূর্ণ পরিচালনায় আওয়ামী লীগ সরকার গণমানুষের মন জয় করেছে।

আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ নির্বাচন হবে অস্তিত্বের নির্বাচন। এ নির্বাচনে বাংলাদেশ থাকবে জঙ্গিমুক্ত। এ নির্বাচন হবে মুক্তিযুদ্ধের চেতনায়।

বেগম জিয়ার ৮ তারিখের রায়কে ঘিরে সেদিন নেতাকর্মীদের মাঠে সজাগ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, নেতাকর্মীদের এমনভাবেই সজাগ থাকতে হবে যাতে বাটি চালান দিলেও বিএনপি নেতাকর্মীদের খুঁজে পাওয়া না যায়।

চট্টগ্রামে আওয়ামী লীগের ১৪ দলের উদ্যোগে আয়োজিত শোকসভায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

জাসদের নগর সভাপতি জসীম উদ্দিন চৌধুরী বাবুলের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় সমাজতান্ত্রিক দলের স্থায়ী সদস্য ড. আনোয়ার হোসেন, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়াসহ ১৪ দলের নেতাকর্মীরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.