নিউ ইয়র্কে বড় দিনের অনুষ্ঠানে গুলি চালানো ব্যক্তিকে পুলিশের গুলি

আন্তর্জাতিক ডেস্ক
নিউ ইয়র্কে রবিবার বড়দিন উপলক্ষ্যে একটি গির্জার সঙ্গীত অনুষ্ঠানের কাছাকাছি গুলি ছোড়া এক ব্যক্তির ওপর গুলি চালিয়েছে পুলিশ। তাকে গুরুতর আহত অবস্থায় পুলিশ গ্রেফতার করে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ঘটনাস্থলে অন্য কেউ আহত হয়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, সেই ব্যক্তি প্রকাশ্যে গুলি ছোড়া শুরু করলে পুলিশ পাল্টা গুলি চালায়।

এএফপিকে তিনি বলেন, ‘সে গুরুতর আহত হয়েছে এবং পুলিশি হেফাজতে রয়েছে।’

ঘটনাস্থলে উপস্থিত এএফপির এক সাংবাদিক বলেন, তিনি এক লোককে ম্যানহাটনের ক্যাথেড্রাল অব সেন্ট জন দ্য ডিভাইনের সিঁড়ি থেকে গুলি চালাতে দেখেন। বিকেল ৪টার দিকে সেখানে জড়ো হওয়া শ’খানেক লোক যখন গীর্জার সঙ্গীত অনুষ্ঠান শেষে চলে যেতে শুরু করেন তখন এই গুলির ঘটনা ঘটে।

সেই সাংবাদিক আরও বলেন, ‘আমি দুই বা তিনটি গুলির শব্দ শুনি যেগুলো বেশ জোরালো ছিল। উপরে তাকিয়ে দেখি আমার থেকে ১০ মিটার দূরে এক ব্যক্তি গুলি করছেন।’

‘বন্দুক থেকে আমি গুলি বের হতে দেখে দৌড় দেই। আমি প্রাণ বাঁচাতে দৌড়ানো শুরু করি’, বলেন তিনি।

আরেক প্রত্যক্ষদর্শী মার্থা স্টোলি বলেন, পুলিশ গুলি করার আগে সেই ব্যক্তি আট থেকে দশটি গুলি ছোড়েন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.