নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত সেমিস্টারে ২০ শতাংশ টিউশন ফি মওকুফ করে নর্থ সাউথ কর্তৃপক্ষ।তবে কোনো নোটিশ ছাড়াই এ সুবিধা বাতিল করেছে কর্তৃপক্ষ। বিষয়টি দৃষ্টি আকর্ষণ করতে একাধিকবার নানা মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া দেয়নি কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।
জানা গেছে, বাড়তি ফি আদায় বন্ধ, ২০ শতাংশ টিউশন ফি মওকুফের দাবিতে রোববার (১৮ অক্টোবর) সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্ররা। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সব গেট অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা ছয় দফা দাবিতে সকাল থেকে দিনভর আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিকেলে শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ভিসি স্যারের সঙ্গে সাক্ষাৎ করলে দাবি মেনে নেয়া সম্ভব নয় বলে জানান। বাধ্য হয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সব গেট বন্ধ করে ভিসিসহ শিক্ষক-কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছি। আমাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত তাদের ক্যাম্পাসের মধ্যে অবরুদ্ধ করে রাখা হবে।
জানতে চাইলে আমিনুর রাহমান রাকিব নামে এক শিক্ষার্থী বলেন, আমরা এখন ল্যাব ব্যবহার করছি না, তবুও ল্যাব ফি নিচ্ছে। টিউশন ফি কমিয়ে আবার সেটি বাতিল করছে। লাইব্রেরি ইউজ না করলেও ফি দিতে হচ্ছে। তাই আমরা আন্দোলনে নামছি। আমাদের দাবি মেনে নিলে আমরা সরে যাবো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.