দেশের বাইরে বাংলাদেশকেই সবচেয়ে কঠিন ভেন্যু মানছে অস্ট্রেলিয়া

ডেস্ক নিউজ:
বাংলাদেশের সঙ্গে চলমান টি-টয়েন্টি সিরিজে অনভ্যস্ত উইকেটে এসে হিমশিম খাচ্ছে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ দাপিয়ে বেড়ানো ক্রিকেটাররাই মিরপুরের উইকেটে খেলতে নেমে যাচ্ছেন ভড়কে। বাংলাদেশে এমন অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতাকে অস্ট্রেলিয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ‘শিক্ষা’ হিসেবে দেখছেন অজি তারকা মোসেস হেনরিকস।

সংযুক্ত আরব আমিরাতে আগামী অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। সেখানে বাংলাদেশের চেয়ে কঠিন উইকেট থাকবে না বলেই বিশ্বাস মোসেস হেনরিকসের।

তিনি বলেন, ‘তরুণ একটি দল বাংলাদেশে এসেছে যারা ভবিষ্যতে অস্ট্রেলিয়ার হয়ে অনেক ম্যাচ খেলতে পারবে। তারা যদি এই কন্ডিশনে ভালো করার উপায় খুঁজতে পারে তাহলে অস্ট্রেলিয়ার বাইরে খুব বেশি কঠিন কন্ডিশনের মুখোমুখি হতে হবে না।’

আইপিএলে খেলার কারণে উপমহাদেশের কন্ডিশন হেনরিকসের কাছে অচেনা নয়। অথচ তিনিও মিরপুরের ২২ গজে সুবিধা করতে পারছেন না।

হেনরিকস বলেন, ‘আমি ৬০টির মত ম্যাচ খেলেছি আইপিএলে। অথচ বাংলাদেশের উইকেট সবচেয়ে অচেনা ঠেকছে। এরকম পরিস্থিতির সঙ্গে আমাদের অনেক মানিয়ে নিতে হবে এবং তা যত তাড়াতাড়ি সম্ভব। এখানে আমাদের ঘাটতি ধরা পড়ছে তা ভালো, কারণ এর চেয়ে কঠিন কন্ডিশন অস্ট্রেলিয়ার আর বাইরে হতে পারে না।’

বাংলাদেশের প্রসংশা করে অভিজ্ঞ এই ব্যাটসম্যান জানান, উপমহাদেশীয় কন্ডিশনে বাংলাদেশ অজিদের চেয়েও ভালো পারফর্ম করছে। সত্যি বলতে আজ আমার মনে হয়েছে ওরা আমাদের চেয়েও পারদর্শী। তাদের ক্রিকেটীয় জ্ঞান আমাদের চেয়ে বোধহয় ভালো ছিল। এর কারণ হতে পারে এই মৌসুমে এমন উইকেটে ওরা আমাদের চেয়ে বেশি খেলে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.