দীর্ঘদিন ধরে কক্সবাজার সদর উপজেলায় এসিল্যান্ড নেই

কক্সবাজার সদর সংবাদদাতাঃ

কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদটি দীর্ঘদিন ধরে শূন্য থাকায় জনদূর্ভোগ বেড়েই চলেছে।

জানা যায়, সদর উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৩ লক্ষ লোকের বসবাস। তাদের আবাদি-অনাবাদি জমির পরিমাণ প্রায় ২৫ হাজার হেক্টর। প্রতিদিন গড়ে শতাধিক লোক ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনের জন্য সদর উপজেলা ভূমি অফিসে যান।

কিন্তু ২০১৮ সালের অক্টোবরে দূর্নীতির দায়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজিম উদ্দিনকে অন্যত্র বদলি করা হলেও দীর্ঘদিন ধরে কোন সহকারী কমিশনার (ভূমি) যোগদান না করায় প্রতিনিয়ত ভোগানান্তির শিকার হচ্ছেন সেবা গ্রহীতারা।

উপজেলা নির্বাহী অফিসার ভূমি সংক্রান্ত কর্মকান্ডে প্রয়োজনীয় সময় দিতে না পারায় সেবা গ্রহীতাদের দূর্ভোগ চরমে। ফলে নিজেদের কর্মসম্পাদনের তাগিদেই ভূমি অফিসের বারান্দায় দিনের পর দিন ঘুরেও সময় মতো ভূমি সংক্রান্ত কাজের সমাধান করতে পারছে না ভূক্তভোগীরা।

অনেকেই ভূমি অফিসের কিছু অসাধু কর্মচারীর খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান ভূমি অফিসে সপ্তাহে ১/২দিন অতিরিক্ত সময় দিলেও ভূক্তভোগীরা কোন সুফল পাচ্ছে না। অফিসিয়াল কর্মকান্ডের মধেই সীমাবদ্ধ থাকায়  ভূমি অফিসের কিছু অসাধু কর্মচারীরা আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে বলে জানান ভূক্তভোগীরা।

এ ব্যাপারে প্রশাসনের সুনজর কামনা করছে ভূক্তভোগীরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.