ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন, ৫ ‘জালিয়াত’ আটক
ওয়ান নিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরের ৭০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ১৪ শিক্ষার্থী।
শুক্রবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার এই এমসিকিউ পরীক্ষায় ২ হাজার ৩৬৩ আসনের বিপরীতে ৩২ হাজার ৭৪৯ আবেদনকারী অংশ নেন।
এদিকে পরীক্ষায় জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন পরীক্ষা চলাকালে ও অন্যজনকে পরীক্ষা শেষে আটক করা হয়। আর তিনজনকে পরীক্ষার আগের রাতে আটক করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহজাহান আলী এবং ঢাকা কলেজের তানসেন মিয়াকে পরীক্ষা চলাকালে ও পরে আটক করা হয়। তানসেনের হয়ে সাড়ে তিন লাখ টাকা চুক্তিতে প্রক্সি দিয়েছিল শাহজাহান। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে মামলা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে, বৃহস্পতিবার রাতে ফেসবুকের মাধ্যমে পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে জালিয়াতির চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করা হয়। পুলিশের সহায়তায় ওই চক্রের হোতাকেও ধরার চেষ্টা চলছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.