ক্রীড়া ডেস্ক
পাকিস্তানে কি আর ক্রিকেট ফিরবে?— এমন শঙ্কা জড়িত প্রশ্ন বুঝি সবার মনেই ছিল। আর না থাকার কারণও আছে বৈকি! বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে পুরো সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। ২৪ ঘন্টার মধ্যে কড়া নিরাপত্তায় পাকিস্তান ছেড়েছিল তারা। এরপর ভিন্ন কারণ দেখালেও একই পথে হাটে ইংল্যান্ডও। পশ্চিমা দেশ দুটির পাকিস্তান সফর নিয়ে বিতৃষ্ণায় সমালোচনার পাশাপাশি শঙ্কাটাও ছড়িয়ে পড়ে— এবার বুঝি আর ফেরানো হচ্ছে না পাকিস্তানে ক্রিকেট!
কিন্তু পুরো বিষয়টিকে হয়ত আরেকবার বুড়ো আঙুল দেখাতে যাচ্ছে পাকিস্তান। কেননা ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে চলতি বছরের ডিসেম্বরে তারা সফর করছেন পাকিস্তানে। সেখানে তারা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও।
সফর প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সিইও জনি গ্রেভ এক বিবৃতি বলেছেন, ‘আমরা আসন্ন ডিসেম্বরে পাকিস্তানে সাদা বলের সফরের বিস্তারিত নির্ধারিত করেছি। সফরটি আয়োজন করতে যাওয়ায় নিজেদের ক্রিকেট ওপারেশনস, মেডিকেল, সিকিউরিটি টিমস এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।’
পাকিস্তান ক্রিকেট সমর্থকদের পছন্দের জায়গায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। আর সে কারণে আসন্ন সিরিজে পাকিস্তানের ন্যাশনাল কমান্ড এন্ড ওপারেশন সেন্টারের কাছে পুরো সিরিজে যতটা সম্ভব বেশি দর্শক ফেরানোর অনুমতি চেয়েছেন রমিজ রাজা।
১৩ ডিসেম্বর করাচিতে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ও ১৬ ডিসেম্বর। এক দিনের বিরতির পর ১৮ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে লড়বে দুই দল।
ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২২ ডিসেম্বর। সফরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে করাচিতে। এরপর ২৩ ডিসেম্বর দেশের উদ্দ্যেশে রওনা দিবে ওয়েস্ট ইন্ডিজ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.