টেকনাফ ভূমি অফিসের ৫০০ গজের মধ্যেই দখলবাজি!

নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ ভূমি অফিস থেকে প্রায় ৫০০ গজ উত্তর-পশ্চিমে কায়ুকখালী খালের দক্ষিণে টু স্টার স’মিলের উত্তর পাশে সরকারি খাস জমি দখল করছে চিহ্নিত একটি চক্র। ইতোমধ্যে সেখানে দীর্ঘদিনের প্যারাবন ও মাটি কেটে ভরাট করেছে। ঘেরাবেড়া দিচ্ছে, অভিযোগ স্থানীয়দের।
তাদের ভাষ্য মতে, মাসখানেক ধরে ভাটার সময় মাটি কাটা, ভরাট ও ঘেরাবেড়ার কাজ চলছে। স্থানীয় ভূমি অফিসের পাশে এমন দখলযজ্ঞ চললেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যে কোরণে কোটি টাকার সরকারি জমি বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, মুহিব্বুল্লাহ নামক এক ব্যক্তির নেতৃত্বে দখল, ভরাট ও স্থাপনার কাজ চলছে। তার সঙ্গে কয়েকজন প্রভাবশালী ব্যক্তিও জড়িত।
স্থানীয়দের অভিযোগের সুত্র ধরে গত ৩১ জুলাই অভিযান চালায় ভূমি অফিস। স্থাপনা ভেঙ্গে দেয়। তবে বিকালে অভিযানের পর ওই রাত থেকেই আবার ঘেরাবেড়া দেওয়া শুরু হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মুহিব্বুল্লাহ কোন খাল বা সরকারি জমি দখল করেন নি, প্যারাবনও কাটেন নি দাবি করেন।
তিনি বলেন, নিজের টাকায় ক্রয়কৃত জমি ভরাট করছি। খতিয়ানসহ সব ধরণের কাগজপত্র আমার পক্ষে আছে। চাইলে দেখতে পারবেন।
মুহিব্বুল্লাহ বলেন, আমি একজন দলিল লিখক। দেখেশুনে এমন কাজ করব? পরিমাপ করে সরকারি জমি পেলে নিয়ে যাক, আমার কোন আপত্তি থাকবে না। সবগুলো জমি ‘সারেন্ডার’ করব।
তবে, চিহ্নিত একটি প্রতিপক্ষ ষড়যন্ত্র করছে দাবি করেন তিনি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী বলেন, খালের অংশের স্থাপনা ভেঙ্গে দিয়েছি। অভিযুক্তদের স্বপক্ষে কোন কাগজপত্র থাকলে দেখাতে বলেছি।
এসিল্যান্ড বলেন, ডিআরআর জরিপের কিছু কাগজ আনছে, সেগুলো দেখতেছি। ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.