টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত হাকিমের দুই ভাই সহ চার ডাকাত নিহত

রাজিবুল হক চৌধুরী, টেকনাফ থেকে

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত হাকিমের দুই ভাই সহ ডাকাত দলের চার সদস্য নিহত হয়েছে। এ সময় ৪০ হাজার পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে টেকনাফের হোয়াইক্যং পাহাড়ে পুলিশ অভিযান চালাতে গেলে এই ঘটনা ঘটে।
কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ডাকাত দলের সদস্যরা হলো আলোচিত রোহিঙ্গা ডাকাত হাকিমের দুই ভাই বশির ও হামিদ এবং রফিক ও রইঙ্গা।

কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, আলোচিত রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিম অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতেই শুক্রবার (২৬ জুন) সকাল থেকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমা পাড়া পাহাড়ি এলাকায় কক্সবাজার সদর সার্কেল ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়৷

ওই সময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর গুলি চালায়৷ এসময় পুলিশের তিন সদস্য আহত হলে আত্মরক্ষায় পুলিশও গুলি চালায়৷

তিনি দাবি করেন, গোলাগুলির এক পর্যায়ে ডাকাত দল উখিয়া উপজেলার মনখালী পাহাড়ে পালিয়ে যায়৷ পরে ঘটনাস্থল তল্লাশি করে ৪টি দেশে তৈরি অস্ত্র, ২০টি কার্তুজ ও ৪০ হাজার পিস ইয়াবাসসহ চারজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়৷

এছাড়াও শীর্ষ ডাকাত আব্দুল হামিদসহ ২/৩ জন ডাকাত পালিয়ে যায়৷

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.