ছয় মানবপাচারকারীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

ডেস্ক নিউজ:
লিবিয়ায় মানবপাচারে জড়িত থাকার অপরাধে ছয় পলাতক বাংলাদেশির সন্ধানে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। সম্প্রতি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অনুরোধের ফলে রেড নোটিশটি জারি করেছে পুলিশের আন্তর্জাতিক এ সংস্থা।

সিআইডির জনসংযোগ শাখার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিসানুল হক আজ সোমবার খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।

খুদে বার্তায় বলা হয়েছে, পলাতক ছয় আসামি হলেন ঢাকার শাহাদাত, মাদারীপুরের নজরুল এবং কিশোরগঞ্জের তানজিরুল, স্বপন, ইকবাল জাফর ও মিন্টু মিয়া।

সিআইডি সূত্রে জানা গেছে, লোভনীয় চাকরি সুযোগের কথা বলে বাংলাদেশ থেকে নিরীহ মানুষকে নিয়ে বিভিন্ন স্থানে আটকে রেখে মুক্তিপণ আদায় ও হত্যার অভিযোগ রয়েছে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা আসামিদের বিরুদ্ধে।

গত ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত হন। এ ছাড়া আহত হন আরো ১২ জন।

এদিকে ওই ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজনের বরাত দিয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডি জানিয়েছিল, উন্নত জীবিকার সন্ধানে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ায় দুর্গম পথ পাড়ি দিচ্ছিলেন ৩৮ বাংলাদেশি। বেনগাজি থেকে মানবপাচারকারীরা তাঁদের ত্রিপোলি নিয়ে যাচ্ছিল।

লিবিয়ার রাজধানী ত্রিপোলির ১৮০ কিলোমিটার দক্ষিণের একটি এলাকায় আটকে রেখে তাঁদের পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশে নির্যাতনের ভিডিও বাংলাদেশে থাকা পরিবারেরগুলোর কাছে পাঠায় সন্ত্রাসীরা।

পুলিশ সদর দপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, লিবিয়ায় বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশ থেকে মোট ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় সারা দেশে মোট ২৬টি মামলা দায়ের করা হয়েছে। মামলার এজহারনামীয় বাকি আসামিদের ধরতে পুলিশ সদর দপ্তর থেকে সব বিভাগকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.