ছাত্রলীগের সংঘর্ষে কুমেক বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ওয়ান নিউজ ডেক্সঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক)। সেই সাথে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এই নির্দেশের পর শুক্রবার দুপুরে শিক্ষার্থীরা হল ত্যাগ করা শুরু করেছেন।
শুক্রবার সকাল ৯টায় কলেজের সম্মেলন কক্ষে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আজ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় মেডিকেল কলেজের শেখ রাসেল ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় ১০ জন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। আহত ছাত্ররা ছাত্রলীগ কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সাবেক দুই সভাপতি আবদুল হান্নান ও হাবিবুর রহমানের সমর্থক।
ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বলেন, হলের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে সংঘর্ষের পুরো ঘটনাই পাওয়া গেছে। ঘটনা কারা ঘটিয়েছে, তা ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.