চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নই, আফগান ইস্যুতে বাইডেন
ডেস্ক নিউজ:
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নই আমি। মঙ্গলবার (৩১ আগস্ট) আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়া শেষ হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন জো বাইডেন।
আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের আধিপত্যের অবসান ঘটায় সেনা প্রত্যাহারের পর ভাষণে ‘সেনা প্রত্যাহার’-এর সিদ্ধান্তকে ‘আমেরিকার সেরা সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
মঙ্গলবার (৩১ আগস্ট) হোয়াইট হাউজ থেকে ভাষণে সেনা প্রত্যাহারের জন্য সমালোচনার বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নই আমি। আফগান যুদ্ধের পরিধি আমেরিকার সরকার আর দীর্ঘ করতে চায় না।
এর আগে জো বাইডেন জানিয়েছিলেন, মঙ্গলবারের (৩১ আগস্ট) মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা সরানোর অঙ্গীকার বজায় চলবেন তিনি। এরই ধারাবাহিকতায় গত ক’দিনে আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দর থেকে উদ্ধার কার্যক্রমকে সাফল্য আখ্যা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
জো বাইডেন বলেন, সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের সকল দায়িত্ব নিচ্ছি। অনেকেই বলছেন, দ্রুত সেনা প্রত্যাহারের জন্যই কি এই অরাজকতা? আসলে জুন-জুলাইয়ের দিকে লাখো মানুষকে সরানো হলেও এমন দৃশ্য দেখতে হতো। সরে আসার জন্য এটা ভালো সময়। তৃতীয় দশকে যুদ্ধে যাওয়ার কোনো কারণ নেই। একজন প্রেসিডেন্টের দায়িত্ব আমেরিকা এবং মার্কিনিদের রক্ষা করা।
এর আগে গত ১৫ আগস্ট রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবান। কাবুল হাত ছাড়া হওয়ায় পশ্চিমা সমর্থিত আফগান সরকার ও সেনাবাহিনী ভেঙে পড়ে। সূত্র : রয়টার্স

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.