নিজস্ব প্রতিবেদকঃ চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের ফল মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।
আজ বুধবার (৭ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষা বলেন, ‘২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। এরা দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে। এদের জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে।’
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা নেয়া যায় সেটা একটি বড় চ্যালেঞ্জ। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হলে দ্বিগুণ কেন্দ্র প্রয়োজন হবে। শিক্ষা বোর্ডগুলোর জন্য এটি করা কঠিন হয়ে পড়বে। শুধু তাই নয়, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা সংস্থার জন্যও বিষয়টি কঠিন। বিষয় কমিয়ে বা সিলেবাস কমিয়েও হয়ত পরীক্ষা নেয়া যায়। কিন্তু সেটা করলেও কিছু সমস্যা তৈরি হবে। এক্ষেত্রে অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতে পারে। পরীক্ষার সময়ে কোনো শিক্ষার্থী আক্রান্ত হলে সে তো কেন্দ্রে আসতে পারবে না। আসা উচিতও নয়। এক্ষেত্রে অন্যান্য দেশ কী করছে সেটিও আমরা দেখছিলাম।
দীপু মনি বলেন, ভারত, আফ্রিকাসহ কয়েকটি দেশে মাঝপথে পরীক্ষা বাতিল বা স্থগিত করে। আমাদের কাছে পরীক্ষার্থীদের জীবনের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। এসব বিবেচনায় আমরা এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যয়নের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এক্ষেত্রে গ্রহণযোগ্যতা ও শিক্ষার্থীদের কোনটি ভালো হবে সেটি দেখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।
এদিকে, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত আগেই বাড়ানো হয়েছে। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.