চট্টগ্রামে গাছের গুড়ি ফেলে ছিনতাইকালে চাপা পড়ে আহত ৪ জন

জে,জাহেদ চট্টগ্রাম:

রাঙ্গুনিয়ায় গাছের গুড়ি ফেলে ছিনতাইকালে চাপা পড়ে পিতা-পুত্র সহ চার জন আহত হয়েছেন। উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কাপ্তাই সড়ক সংলগ্ন শেগুণ বাগান এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় শনিবার (৩১ মার্চ) বিকালে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার সিএনজি অটোরিক্সা গ্যারেজের মালিক সাহাব উদ্দিন (৪৬) ও তার পুত্র মো. জিহাদ (১৪) শুক্রবার রাতে কাজ শেষ করে তাদের বাড়ি ইউনিয়নের বনগ্রাম কালাবাইজ্জাঘোনায় যাচ্ছিলেন।

তাদের সিএনজি অটোরিক্সাটির কাপ্তাই সড়কের সেগুন বাগান এলাকায় এলে একদল ছিনতাইকারী দল রাস্তায় গাছের গুড়ি ফেলে আটকানোর চেষ্ঠা করে। কিন্তু গাছের গুড়িটি তাদের গাড়ির উপর গিয়ে পড়লে আরোহী পিতা-পুত্র ছাড়াও সিএনজি অটোরিক্সা চালক মো. ইলিয়াছ (৪০) ও তার সহযোগী মো. রকি (৩০) গুরুতর আহত হন।

ছিনতাইকারী দল তাদের ঐ অবস্থায় রেখে সবকিছু লুট করে নিয়ে যায়। পরে তাদের দেখতে পেয়ে রাস্তার এক ট্রাক ড্রাইভার উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে ভর্তি করেন।

এদিকে চন্দ্রঘোনা লিচুবাগান থেকে ইকোপার্ক পর্যন্ত অন্ধকারচ্ছন্ন এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত ২৬ মার্চ রাতেও একইভাবে ছিনতাইয়ের শিকার হয়েছেন কোদালা বনবিটের সেগুন বাগান এলাকার বাসিন্দা সিরাজুল হক সিকদারের পুত্র ডেকোরেশন ব্যবসায়ী মো. সেলিম।

তার কাছ থেকে নগদ ৭ হাজার টাকা সহ তার হাতে থাকা বাজার কেড়ে নেয়। তিনি দিতে না চাইলে ছিনতাইকারী দল তাকে মেরে মাথা পাটিয়ে দেয়।

চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আজগর বলেন, ‘অন্ধকারচ্ছন্ন এলাকাটিতে বিভিন্ন নেশায় আসক্ত যুবকেরা সম্ভবত এই ঘটনা ঘটাচ্ছে।’ তিনি এই এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি জানান।

ছিনতাইয়ের ঘটনায় তদন্তকারী রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মো. সফিক বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.