চকরিয়ায় হোম কোয়ারেন্টারে থাকা নিম্ন আয়ের ২৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এম.মনছুর আলম,চকরিয়া :

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যাধি করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে হোম কোয়ারেন্টাইনে থাকা কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন এলাকায় কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের গরিব অসহায় পরিবার। এ অসহায় ও অস্বচচ্ছল নিম্ন আয়ের কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোর পাশে ব্যক্তি উদ্যোগে খাদ্যদ্রব্য নিয়ে দাঁড়িয়েছেন ওই ইউনিয়নের সম্ভ্রান্ত আনিচ পরিবারের সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজকর্মী ও তরুণ আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান সোহেল।

তরুণ এ সমাজকর্মী ২৫০টি সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে প্রথমদিন তিনটি ওয়ার্ডে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও জীবাণুনাশক সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। রবিবার বিকালে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রথম দিনের মতো মাইজপাড়া, কালাগাজী সিকদার পাড়া, চরপাড়া, আনিচ পাড়া, নয়াচর,ফজুমিয়াজির চর এলাকার দুইশত নিম্ন আয়ের পরিবারের মাঝে এক ব্যাগ করে খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু সাবান) বিতরণ করেন তিনি।

খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণকালে তরুণ আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সোহেল বলেন, গ্রাম পর্যায়ে হোম কোয়ারেন্টাইন এ থাকা অসহায় পরিবারের অবস্থা দেখে আমার এ উদ্যোগ। নিজের বিবেকের তাড়নায় ও এলাকার সামাজিক দায়বদ্ধতা থেকে জাতীয় এ মহামারীতে এলাকার কর্মহীন ও নিম্ন মধ্যবিত্ত, অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ানো।

তিনি আরও বলেন, এ বৈশ্বিক ক্রান্তিলগ্নে দেশের প্রতিটি জনপদে, পাড়া মহল্লায় জনপ্রতিনিধি ও ধর্ণাঢ্য ব্যক্তিরা যদি এসব নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ান তাহলে এলাকায় কাউকে না খেয়ে মরতে হবেনা। তাছাড়া নিম্ন আয়ের মানুষ গুলো এ মুহূর্তে একটু খাবারের আশায় তাকিয়ে রয়েছে। জাতীয় এ মহামারীতে তাদের পাশে দাঁড়ানোটা এখন বিত্তবানসহ সকলের নৈতিক দায়িত্ব বলেও তিনি মনে করেন। তার এ ত্রাণ বিতরণ কর্মসূচী মধ্যে সোমবার পরবর্তী আরো তিনটি ওয়ার্ডে ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.