চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক

এম.মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে। হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো.আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে বরইতলী খয়রাতি পাড়া এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত যুবকরা হলেন, বরইতলী ইউনিয়নের ভিলেজার পাড়া এলাকার আবুল বশরের ছেলে নজরুল ইসলাম সুজন (১৯) ও একই ইউনিয়নের মধ্যম বানিয়ারছড়া এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম বাপ্পি (১৮)। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বলে পুলিশ জানায়।

অভিযানের নেতৃত্বে দেয়া হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো.আমিনুল ইসলাম বলেন, বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খয়রাতি পাড়া এলাকায় অস্ত্রসহ দুই যুবক অবস্থান করার গোপন সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমানের নির্দেশে গতকাল (বৃহস্পতিবার) রাতে অভিযান চালায়। অভিয়ানের সময় বরইতলীস্থ খয়রাতি পাড়া এলাকায় নজরুল ইসলাম সুজন ও শহিদুল ইসলাম বাপ্পি নামে দুই যুবককে আটক করা হয়। আটকের পরে তাদের কাছ থেকে দেশীয় তৈরী একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, হারবাং পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। শুক্রবার দুপুরে তাদেরকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.