চকরিয়ায় জবর-দখলের চেষ্টা চালিয়ে হামলা ও ভাংচুর

চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় দীর্ঘ ৫০বছরের ভোগদখলীয় বসতভিটার জায়গা জবর-দখলে নিতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত সন্ত্রাসী। এ সময় দূর্বৃত্তরা বসতভিটায় ঢুকে সীমানার টিনের ঘেরা-বেড়া ভাংচুর করে তান্ডব চালায়।
বিরোধীয় এ ঘটনাকে কেন্দ্র করে যেকোন মুহুর্তে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

রবিবার (৬জুন) সকাল ১০টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডস্থ নয়াপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বিএমচর ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত মাষ্টার আবদুল মোতালেবের ছেলে হাজী নুরুল আলম তার ক্রয়কৃত বিএমচর মৌজার ১৩.৩৩ শতক জমিতে বসতঘর নির্মাণ করে দীর্ঘ সময় ধরে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে। তার ভোগদখলীয় জায়গায় গত ২০১৮ সালে বসতভিটার সীমানা দেয়াল করতে গেলে এতে বাঁধা দেন ওই এলাকার মৃত মো: আজিমের ছেলে আব্বাস আহমদ, আবদুল হামিদ পুতু, নুরুল আলম বাবুল ও নুর মোহাম্মদ মনু গং। এনিয়ে ভুক্তভোগী হাজী নুরুল আলমের ছেলে আবু কাইছার বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিএমচর ইউনিয়নের গ্রাম আদালতে ১৬৬/২০১৮ মামলা দায়ের করেন। উক্ত মামলায় গ্রাম আদালতের হাকিম (চেয়ারম্যান) কয়েকতর্ফা শুনানি শেষে বিরোধীয় জায়গার বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা করে বাদী আবু কাইছারের পক্ষে রায় প্রদান করেন। এরই প্রেক্ষিতে অভিযুক্তরা আরো ক্ষিপ্ত হয়ে
চলতি মাসের ২৭ মে তারিখ বিকেলে জায়গা দখলের চেষ্টা চালিয়ে নানা ধরণের অশ্লীল গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে আব্বাস আহমদ গংয়ের পরিবারের সদস্যরা।
সর্বশেষ সীমানা বিরোধে জড়িয়ে রবিবার সকাল দশটার দিকে প্রকৃত জায়গার মালিক ও তার ছেলে আবু কাইছারকে প্রতিপক্ষরা হুমকি দিয়ে সন্ত্রাসী কায়দায় বসতভিটায় অনুপ্রবেশ করে সীমানার টিনের ঘেরা-বেড়া ভাংচুর চালায়। ওই প্রতিপক্ষরা দেশীয় তৈরি ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন জায়গার মালিককে। এনিয়ে ভুক্তভোগী আবু কাইছার তার পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তা ও হুমকিতে রয়েছে বলে তিনি জানান। বসতভিটার সীমানা ভাংচুরের ঘটনার বিষয়ে ভুক্তভোগী আবু কাইছার বাদী হয়ে ৭জনকে আসামি করে বিকেলে থানায় অভিযোগ দায়ের করেন। এবিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনার বিষয়ে থানায় লিখিত একটি অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি তদন্তের জন্য মাতামুহুরী পুলিশ ফাঁড়ির একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.