এম.মনছুর আলম, চকরিয়াঃ
চকরিয়ায় জমির বিরোধে সৃষ্ট দুইপক্ষের ঝগড়া থামাতে গিয়ে কোদালের আঘাতে গুরুতর আহত বৃদ্ধা আয়েশা বেগম (৬৫)এর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত শনিবার দুপুরে উপজেলার বিএমচর ইউনিয়নের উত্তর বহদ্দারকাটা গ্রামে জমির বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওইদিন কোদালের আঘাতে আহত হয়েছিলেন আয়েশা বেগম। তিনি ওই এলাকার মোহাম্মদ কালুর স্ত্রী।
বৃদ্ধার পরিবারের অভিযোগ, স্থানীয় আবদুল জব্বারের সাথে বসতভিটা নিয়ে বিরোধ চলছিল কালু গংয়ের। এনিয়ে প্রতিনিয়ত ঝগড়া-বিবাদ লেগে থাকতো। সর্বশেষ গত শনিবার দুপুরে বসতভিটার বিরোধ নিয়ে দুইপক্ষে ঝগড়া হয়।
এ সময় ঝগড়া থামাতে গেলে একপক্ষের কোদালের আঘাতে গুরুতর আহত হন বৃদ্ধা আয়েশা। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে পৌরশহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন ধরে চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কী নিয়ে দুইপক্ষে বিরোধ এবং ঝগড়া হয়েছিল, তা কেউ লিখিত বা মৌখিকভাবেও থানায় অবহিত করেনি। তবে এক বৃদ্ধা মারা গেছেন বলে শুনেছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.