চকরিয়ায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়ায় বন্দুক ও গুলিসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
তারা হলো- কক্সবাজার সদর উপজেলার সিটি কলেজ গেইট এলাকার মোহাম্মদ ইউছুপের ছেলে মোহাম্মদ ইউনুছ (২৩) ও মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার নূর মোহাম্মদের ছেলে রায়হান উদ্দিন (৩০)।
অস্ত্র টেকিয়ে টমটম ছিনতাইয়ের পরিকল্পনায় এসে তারা ধরা পড়ে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা যায়, চকরিয়া পৌরসভার মগবাজার এলাকা থেকে প্রথমে ছিনতাইকারীরা টমটম ভাড়া নেয়। পৌর শহরের চিরিঙ্গায় যাওয়ার সময় থানা রাস্তার মাথায় টমটম চালক মোঃ হোসেনকে মারধর করে। এসময় টমটম গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এসময় মোঃ হোসেনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে পাকড়াও করে। খবর দেয়া হলে চকরিয়া থানার পুলিশ এসে তাদের আটক করে। পুলিশ তাদের শরীর তল্লাশি চালিয়ে মহশেখালীর রায়হানের কোমরে বাধা গুলিসহ দেশীয় তৈরী একটি এলজি বন্দুক উদ্ধার করে।
পুলিশ জানায়, আটক ছিনতাইকরীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত সোমবার আরো একটি টমটম চকরিয়া থেকে ছিনতাই করেছে বলে স্বীকার করেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, টমটম মালিক মোঃ হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে ছিনতাই মামলা ও পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। আটক দুই ছিনতাইকারীকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.