এম.মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত পরিচয়হীন এক যুবতী ও এক যুবকের লাশ উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। উদ্ধারকৃত লাশের যুবতী মহিলার লাশটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
রবিবার (২২আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে
অজ্ঞাত যুবকের লাশ (২৮) পৌরসভার চিরিঙ্গা জমজম হাসপাতালের নিকট থেকে এবং অজ্ঞাত যুবতীর লাশ (২২) উপজেলার ফাঁসিয়াখালী হাঁসের দিঘির নিকট থেকে উদ্ধার করা হয়।
চকরিয়া থানার উপপরিদর্শক (এস আই)
সারোয়ার জানান, রবিবার ভোর সাড়ে ৫ টার দিকে চকরিয়া পৌরসভার চিরিঙ্গা এলাকায় জমজম হাসপাতালের নিকটে অজ্ঞাত পরিচয়হীন যুবকের লাশ (২৮) পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিচয়হীন লাশটি উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তিনি জানান, স্থানীয়দের ভাষ্যমতে অজ্ঞাত যুবকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল রাতে তাহার মৃত্যু হয়েছে মর্মে জানা গেছে। উক্ত লাশের কোন ওয়ারিশ নাই, সেহেতু অজ্ঞাতনামা লাশ হিসাবে চকরিয়া পৌরসভার নিকট হস্তান্তরের মাধ্যমে লাশ দাফনের করার ব্যবস্থা করা হয়।
অপরদিকে, চকরিয়া থানার উপপরিদর্শক (এস আই) সায়েম বলেন, ভোর ৫টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী হাঁসের দিঘির নিকট থেকে অজ্ঞাত পরিচয়হীন যুবতী (২২) লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পিবিআই টিমসহ উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তত করা হয়েছে। পরবর্তীতে অজ্ঞতনামা (লাশ) ভিকটিমের কোন ধরণের নাম ঠিকানা না পাওয়ায় চকরিয়া থানার জিডি মূলে অজ্ঞাতনামা লাশ হিসাবে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ভিকটিম যুবতীর গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফাঁসিয়াখালী হাঁসের দিঘির নিকটে অজ্ঞাত পরিচয়হীন যুবতী (২২) লাশ রাতে কে বা কারা সড়কের পাশে ফেলে যায়। ভোরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। ওই নারীর কপালে একটি কোপের আঘাতের চিহ্ন রয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, অজ্ঞাত পরিচয়হীন দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। তৎমধ্যে নারীর লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিবিআইকে বিষয়টি জানানো হলে তারা এসে ফিঙ্গার নিয়েছে পরিচয় সনাক্তের জন্য। পরিচয় না পেলে কক্সবাজার আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.