গ্রাহকের ২৪ লাখ টাকা আত্মসাতে ব্যাংক কর্মকর্তা আটক

ওয়ান নিউজঃ  আল আরাফাহ ইসলামী (এজেন্ট ব্যাংকিং) ব্যাংকের উখিয়ার কুতুপালং শাখার ক্যাশিয়ার হামিদ হোসেন এক গ্রাহকের সাড়ে ২৪ লাখ টাকা আত্মসাৎ করার জন্য অপহরণ নাটক সাজিয়েছিলেন। কিন্তু তার শেষ রক্ষা হয়নি। ফেঁসে গেছেন তিনি।

রোববার ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকা থেকে প্রায় ২০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত বুধবার হামিদের (২১) কাছে সাড়ে ২৪ লাখ টাকা জমা দেন উখিয়ার বালুখালীর বাসিন্দা ইকবাল হোসেন। এ টাকা আত্মসাৎ করতে হামিদ অপহরণ নাটক সাজান। তিনি ছড়িয়ে দেন যে, একটি সন্ত্রাসী চক্র বুধবার সকালে নিজ বাড়ি থেকে ব্যাংকে যাওয়ার পথে বালুখালী পানবাজার এলাকা থেকে তাকে অপহরণ করে টাকা নিয়ে যায়। পরে তিনি ছাড়া পেয়ে বাসায় হাজির হন।

কিন্তু অপহরণ নাটক নিয়ে ইকবালের সন্দেহ হয়। তিনি বাদী হয়ে হামিদের বিরুদ্ধে টাকা আত্মসাতের একটি অভিযোগে দায়ের করেন নাইক্ষ্যংছড়ি থানায়। গ্রেপ্তার হামিদ কাঞ্জরপাড়া এলাকার খায়রুল আলমের ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন জানান, অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে হামিদকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে টেকনাফের তার বাড়ি এলাকায় অভিযান ১৯ লাখ ৯২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

ওসি জানান, টাকা আত্মসাতের জন্য অপহরণ নাটক তৈরি করেন তিনি। তিনি এমনভাবে বিষয়টি সাজিয়েছেন, প্রথমে বোঝার উপায় ছিল না। পরে জিজ্ঞাসাবাদে আসল কাহিনি বের হয়ে আসে। গ্রাহকের অর্থ তছরুপ করতেই অপহরণ নাটক সাজিয়েছিলেন তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.