গোয়ালন্দে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

মোজাম্মেলহক, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌর জামতলা এলাকায় অগ্নিকাণ্ডে বসতবাড়ির ২ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে ।

শুক্রবার বেলা আড়াইটার দিকে স্থানীয় মোঃ ইছাক মোল্লার টিনশেড বাসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা স্থানীয়দের।

ইছাক মোল্লা জানান, ঘর দুইটির ৬ টি কক্ষে তার পরিবারসহ আরো ৪ টি দরিদ্র পরিবার ভাড়ায় থাকত। সংসারের সবকিছু পুড়ে যাওয়ায় তাদের সবার এখন দিশেহারা অবস্থা।

স্থানীয়রা জানান, ওই বাড়ির ভাড়াটিয়া মোঃ গোলাপ আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এদিকে, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুল হক খান মামুন বিকেলে ঘটনাস্থলে যান।তারা সরকারিভাবে ক্ষতিগ্রস্ত ৫ টি পরিবারের মাঝে নগদ ১০ হাজার করে টাকা ও জরুরি ত্রান-সামগ্রী বিতরণ করেছেন।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মাহফুজুর রহমান জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.