গোলাম মওলা রনির বিরুদ্ধে মামলা

ওয়ান নিউজঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে গলাচিপা থানায় মামলাটি দায়ের করেন আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও গলাচিপা মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মেহেদী মাসুদ। মামলা নম্বর-১৪।

মামলায় গোলাম মাওলা রনিসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে। গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা প্রসঙ্গে জানতে চাইলে গোলাম মাওলা রনি বলেন, “আমি এখনও পর্যন্ত মামলার বিষয়ে পুরোপুরি অবগত নই। তবে লোকমুখে শুনেছি। যদি মামলা হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবো।”

উল্লেখ্য, গোলাম মাওলা রনি ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পটুয়াখালী-৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০১৪ সালে তাকে আর মনোনয়ন দেয়া হয়নি।

এদিকে পটুয়াখালি-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.