ডেস্ক নিউজ:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। সরকারি হিসাবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১০ হাজার ৮১ জন।
গত বছরের ৮ মার্চ প্রথম তিন জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংবাদ জানায় স্বাস্থ্য অধিদফতর। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর খবর দেয় তারা।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, শেষের এক হাজার রোগী মারা গেছেন গত ১৫ দিনে।
গতকাল বুধবার (১৪ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যুর খবর দেয় অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ৩১ মার্চ অধিদফতর ৫২ জনের মৃত্যুর কথা জানায়। গত এক সপ্তাহে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এর আগের সপ্তাহের চেয়ে ৩০ শতাংশ বেড়েছে।
গত বছর থেকে প্রথম মৃত্যুর পর এক হাজার মৃত্যু হয় গত ১০ জুন, ৫ জুলাই মৃত্যু ২ হাজার ছাড়ায়। এর মধ্যে সে বছরের সর্বোচ্চ মৃত্যু ৬৪ জনের কথা জানানো হয় গত ৩০ জুন।
গত বছরের ২৮ জুলাই মৃত্যু ছাড়িয়ে যায় তিন হাজার, চার হাজার ছাড়ায় ২৫ আগস্ট। পাঁচ হাজার ছাড়ায় ২২ সেপ্টেম্বর।
ছয় হাজার মৃত্যু ছাড়ায় ৪ নভেম্বরে, সাত হাজার ছাড়া ১২ ডিসেম্বর। ২৩ জানুয়ারি মৃত্যু ছাড়িয়ে যায় ৮ হাজার। গত ৩১ মার্চ মৃত্যুর সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে যায়। আজ ১৫ এপ্রিল মাত্র ১৫ দিনে এক হাজার মানুষের মৃত্যু হয়। আর দেশে করোনায় মোট মারা যাওয়ার সংখ্যা ছাড়িয়ে গেলো ১০ হাজার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.