নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যস্থতায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমের মধ্যে চলমান বিরোধের সমঝোতা হয়েছে। রোববার (১৩ জুন) দলীয় সভানেত্রীর ঢাকার ৩ নম্বর ধানমন্ডিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত দীর্ঘ ৩ ঘন্টার বৈঠকে এ সমঝোতা হয় বলে বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি বিরূপপূর্ণ মন্তব্য করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুরোধে সংসদ সদস্য জাফর আলম দুঃখ প্রকাশ করেন। অপরদিকে, দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক এখতিয়ার না থাকায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এবং চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য জাহেদুল ইসলাম লিটুকে স্বপদে বহাল করা হয়েছে।
এছাড়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী আগামী ১৭ জুন চকরিয়া উপজেলা আওয়ামী লীগ একটি সভা আহ্বান করবেন। সেখানে সভাপতিত্ব করবেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.